নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্রের শুনানি ১ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতে প্রবেশের আগে নূর হোসেন
আদালতে প্রবেশের আগে নূর হোসেন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন এবং তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র গঠনের শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর তারিখ ধার্য করা হয়েছে।
১৮ আগস্ট অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই তিনজনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশ এ অভিযোগপত্র দাখিল করেন। আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র-সংক্রান্ত নোটিশ জারি করে শুনানির তারিখ ধার্য করেন।
১৩ দিনের জেল হেফাজত শেষে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে আজ দুপুরে নূর হোসেন এবং তাঁর দুই সহযোগী খান সুমন ও ওহিদুর রহমানকে আবারও বারাসাতের আদালতে তোলা হয়। আদালতের লকআপে প্রবেশের সময় সাংবাদিকেরা নূর হোসেনকে বলেন—বাংলাদেশে তাঁর ‘ঘনিষ্ঠ’ নেতারা সাত খুনের ঘটনায় তাঁর জড়িত থাকার বিষয়ে বলছেন। এ ছাড়া তাঁকে বাংলাদেশে পাঠানো হতে পারে। এসব কথায় কোনো প্রতিক্রিয়া না জানিয়ে মুচকি হাসেন নূর হোসেন।
এদিকে ১৮ আগস্ট নূর হোসেনের সহযোগী খান সুমন জামিন পেলেও এখনো কারাগার থেকে বের হতে পারেননি। এ বিষয়ে তাঁর আইনজীবী তারক চন্দ্র দাস প্রথম আলোকে জানান, জামিনের টাকা দিতে না পারায় খান সুমনকে বের করা যায়নি। তবে কারাগার থেকে বের করার যাবতীয় কাগজপত্র প্রস্তুত রয়েছে। আর ওহিদুরের জামিন আবেদনের ওপর শুনানি হবে ২ সেপ্টেম্বর।

সহযোগীরা জামিনের আবেদন করলেও গ্রেপ্তারের পর আড়াই মাস পরও জামিন আবেদন করেননি নূর হোসেন।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালি এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে নূর হোসেন ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। বাগুইহাটি পুলিশের সহযোগিতায় বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ বাহিনী তাঁদের গ্রেপ্তার করে।