নেই টেলিফোন, যানবাহন, তবু থানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে প্রতিনিয়ত কোথাও না কোথাও অপরাধ ঘটেই চলেছে। এর মধ্যে ধর্ষণের কিছু ঘটনা ভয়াবহ; যা দেশের বাইরে বিশ্ব গণমাধ্যমে বেশ আলোচিত। কিন্তু এসব অপরাধ দমনে পুলিশ বাহিনী ‘ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার’-এর মতো ভূমিকায় কতটা অসহায় তা তুলে ধরেছে ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিপিআরঅ্যান্ডডি)। তা নিয়ে আজ রোববার টাইমস অব ইন্ডিয়া এক খবর প্রকাশ করেছে।

এই প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ১৮৮টি পুলিশ স্টেশনে কোনো ধরনের যানবাহন নেই। ৪০২টি স্টেশনে টেলিফোন লাইন নেই। এমনকি ১৩৪টি স্টেশনে ওয়ারলেস সেটও নেই। আর ৬৫টি স্টেশনে না টেলিফোন লাইন, না ওয়ারলেস সেট আছে। দেশটিতে মোট পুলিশ স্টেশন ১৫ হাজার ৫৫৫টি।

মনিপুর রাজ্যে ৪৩টি স্টেশনে ফোন বা ওয়ারলেস সেট কোনোটিই নেই। ছত্তিশগড়ে ১৬১টি পুলিশ স্টেশনে নেই যানবাহন। মধ্য প্রদেশে ১১১টি, মেঘালয় ও মনিপুরে ৬৭টি করে স্টেশনে টেলিফোন লাইন নেই। আর উত্তর প্রদেশে ৫১টি স্টেশনে টেলিফোন লাইন ও ১৭টি স্টেশনে ওয়ারলেস সেট নেই।

পুলিশ স্টেশনগুলোর মধ্যে গ্রামে রয়েছে ১০ হাজার ১৪টি আর শহরকেন্দ্রিক ৫ হাজার ২৫টি। বাকিগুলো রেলওয়ে পুলিশ স্টেশন।

বিপিআরঅ্যান্ডডির তথ্যে দেখা গেছে, জাতীয় পর্যায়ে প্রতি ১০০ জন পুলিশ সদস্যের জন্য রয়েছে ১০ দশমিক ১৩টি যানবাহন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য রয়েছে ১ লাখ ৭৫ হাজার ৩৫৮টি যানবাহন। মহারাষ্ট্রে আছে সবচেয়ে বেশি যানবাহন। সংখ্যা ১৭ হাজার ১৩১টি। এরপর যথাক্রমে রয়েছে তামিলনাড়ু (১৫,৯২৬) ও ইউপি (১৩,৪৫২)।

গত বছরের জানুয়ারির হিসাব অনুযায়ী দেশটিতে মোট পুলিশ সদস্য ২২ লাখ ৮০ হাজার ৬৯১ জন। তাঁদের মধ্যে আবাসিক সুবিধা পান ৫ লাখ ৫৬ হাজার ৫৩৯ জন।

বিপিআরঅ্যান্ডডির তথ্য অনুযায়ী, এসব সুযোগ-সুবিধার অভাবের কারণে সমস্যা সমাধানের আশা ক্ষীণ। বেশির ভাগ পুলিশ সদস্যকে অতিরিক্ত কাজ করতে হয়। বিশ্বায়নের যুগে যেখানে সাইবার ক্রাইম, সন্ত্রাস, সাম্প্রদায়িক সহিংসতা ও নকশালদের নানা ধরনের হুমকি, সেখানে প্রতি ৭২৯ জনের জন্য নিয়োজিত আছেন একজন মাত্র পুলিশ সদস্য।

এ সংকট ব্যাপক অন্ধ্র প্রদেশ, বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ও দিল্লিতে। এসব রাজ্যে ১১শ জনের বিপরীতে মাত্র একজন পুলিশ সদস্য।