নেচে-গেয়ে মঞ্চ মাতালেন ভারতীয় নারী পুলিশ সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাচে-গানে মঞ্চ মাতালেন ভারতীয় নারী পুলিশ সদস্যরা। ছবি: টুইটার থেকে নেওয়া
নাচে-গানে মঞ্চ মাতালেন ভারতীয় নারী পুলিশ সদস্যরা। ছবি: টুইটার থেকে নেওয়া

সচরাচর পুলিশ সদস্যদের যা করতে দেখা যায় না, সেটা যদি তাঁরা করেন, তবে সাধারণ মানুষ তা বেশ কৌতূহল ও আগ্রহ নিয়ে দেখেন। সম্প্রতি ভারতের দিল্লিতে পুলিশের নারী সদস্যরা নাচে-গানে মাতিয়েছেন এক অনুষ্ঠান মঞ্চ। আর সেই দৃশ্য রীতিমতো অনলাইনে ভাইরাল হয়েছে।

আজ মঙ্গলবার এনডিটিভির খবরে বলা হয়, গত ৩০ মার্চ দক্ষিণ-পশ্চিম জেলা পুলিশের জন্য ‘অল উইমেন সম্পর্ক সেবা’র উদ্যোগে ‘শুনো সাহেলি’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্বপ্না চৌধুরীর জনপ্রিয় গান ‘আখ্যিয়া কা ইয়ো কাজল’ বাজানো হয়। সেই গানের তালে নাচেন পুলিশের নারী সদস্যরা।

গানটি শুরু হলে পুলিশের পোশাকেই প্রথমে তিন থেকে চারজন নারী পুলিশ কর্মকর্তা নাচতে শুরু করেন। পরে তাঁদের সঙ্গে অন্য নারী সহকর্মীরাও মঞ্চে উঠে নাচতে থাকেন। এ সময় অনুষ্ঠানের অতিথিরা বেশ আনন্দ উপভোগ করেন। কেউ কেউ আবার মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

স্বপ্না চৌধুরী হরিয়ানি সংগীতশিল্পী ও নৃত্যশিল্পী। ‘বিগ বস’ অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা পান এই নারী শিল্পী। ২০১৮ সালে গুগলের সবচেয়ে বেশি অনুসন্ধান করা ব্যক্তিদের মধ্যে তাঁর নাম ছিল।