নেতাজির পরিবারের ওপর ২০ বছর নজরদারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেতাজি সুভাষ চন্দ্র বসু
নেতাজি সুভাষ চন্দ্র বসু

ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের ওপর ২০ বছর ধরে নজরদারি করেছে জওহর লাল নেহেরু ও পরবর্তী সরকার। সম্প্রতি প্রকাশিত দুটি গোয়েন্দা প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য মিলেছে। তবে কংগ্রেস এর সত্যতা অস্বীকার করেছে। খবর হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়ার।
গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) ব্রিটিশ শাসনমুক্ত ভারতে নেতাজির পরিবারের সদস্যদের ওপর নজরদারি শুরু করে ১৯৪৮ সাল থেকেই। এটি চলে ১৯৬৮ সাল পর্যন্ত। নেতাজির পরিবারের কলকাতার ১ উডবার্ন পার্ক ও ৩৮/২ এলগিন রোডের দুটি বাড়িতে এই নজরদারি চালানো হয়। পশ্চিমবঙ্গ সরকারের গোয়েন্দা শাখার পক্ষ থেকে নেতাজির পরিবারের সদস্য-সংক্রান্ত তথ্য পাঠানো হতো আইবিতে। ২০১২ সালে ভারতের জাতীয় আর্কাইভে এ নিয়ে দুটি ফাইল পাঠানো হয়।
নজরদারি চালানোর সময় গোয়েন্দারা নেতাজির পরিবারের সদস্যদের চিঠিপত্র কপি করতেন। তাঁরা দুটি বাড়িতে আসা-যাওয়া করা লোকজনের নামধাম লিখে রাখতেন। খোঁজ রাখতেন তাঁরা কী নিয়ে কথাবার্তা বলেন সে বিষয়েও। নেতাজির দুই ভাইপো শিশির কুমার বসু ও অমিয় নাথ বসুর ওপরই বেশি নজরদারি চলেছে। এই দুজন কাকার খুব ঘনিষ্ঠ ছিলেন।
গোপন দলিল দুটি প্রকাশ হওয়ার পর এর তীব্র সমালোচনা করেছে তখন ক্ষমতাসীন কংগ্রেস দল। ভারতে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা দল কংগ্রেসের নেতা পি সি চাক্কো বলেছেন, ‘এসব গণমাধ্যমের বানানো গল্প। ইতিহাসের সঠিক ব্যাখ্যা এসবে নেই। মতভিন্নতা থাকলেও প্রকৃত অর্থে নেহেরু ও নেতাজির ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল।’
অন্যদিকে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা মুকতার আব্বাস নাকভি বলেছেন, ‘কংগ্রেসের অতীতের দিকে তাকালে দেখবেন সবখানেই অন্ধকার। তাদের অনেক গোপন বিষয় আছে। এসব এখন বেরিয়ে আসছে। এর সবই সত্য।’