নেতাজির মৃত্যুর খবর বিশ্বাস করতেন তাঁর স্ত্রী এমিলি?

ভারতের স্বাধীনতাসংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ত্রী এমিলি শেঙ্কেল কি বিশ্বাস করতেন যে তাঁর স্বামী সত্যিই দুর্ঘটনায় মারা গেছেন? নেতাজির বিষয়ে সদ্য প্রকাশিত ৬৪টি নথির মধ্যে শেঙ্কেলের চিঠিসংক্রান্ত পুলিশের প্রায় ছিঁড়ে যাওয়া একটি নথি সেই প্রশ্ন জাগিয়ে তুলেছে। খবর এনডিটিভির।
অস্ট্রিয়ার ভিয়েনা থেকে এমিলি শেঙ্কেল ওই চিঠিটি লেখেন নেতাজির বড় ভাই শরৎচন্দ্র বসুর কাছে। ওই চিঠির বিষয়ে ১৯৪৬ সালের মে মাসে তৈরি পুলিশের এক গোপন নথির বাঁ কোনা ছেঁড়া পাওয়া গেছে। যে অংশগুলো ছিঁড়ে গেছে, সেখানেই নেতাজির মৃত্যু নিয়ে শেঙ্কেলের কথাগুলো ছিল।
ইংরেজিতে লেখা নথির শেষ অনুচ্ছেদ এমন: ‘এমিলি শেঙ্কেল কুয়াইট’। এরপর একটু ছেঁড়া। তারপর আবার লেখা ‘...লি বিলিভস দ্যাট সুভাষ বোস ইজ ডেড’। এর অর্থ দাঁড়ায়, ...এমিলি শেঙ্কেল মনে করেন, সুভাষচন্দ্র বসু মারা গেছেন।
ছেঁড়ার কারণে নথির বিক্ষিপ্ত ইংরেজি ভাষ্য এমন: ‘ফ্রম দ্য’ ...‘টোন অ্যান্ড ম্যানার অব রাইটিং অব দ্য লেটার’... ‘বি জেনুইন।...’ অর্থাৎ, ওই চিঠির ভাষার ধরন দেখে মনে হয় শেঙ্কেল প্রকৃত অর্থেই তা বিশ্বাস করতেন।
নেহরু অ্যান্ড বোস: প্যারালাল লাইভস বইয়ের লেখক রুদ্রাংশু মুখার্জি চিঠিটি ইচ্ছাকৃতভাবে ছিঁড়ে ফেলা হয়নি বলেই মনে করেন। তিনি বলেন, ‘ওই নথিতে আসলে বলা হয়েছে যে চিঠিতে এমিলি শেঙ্কেল নিজেকে সুভাষ বসুর বিধবা স্ত্রী হিসেবেই গণ্য করেছেন। সুভাষের বিমান দুর্ঘটনার খবর তাঁকে যথেষ্ট ব্যথিত করেছিল। চিঠিটি ছেঁড়া বটে, তবে বিষয় হলো পুরোনো অনেক নথিই এমন ছেঁড়া থাকে।’
রুদ্রাংশু মুখার্জি বলেন, ‘নেতাজির অন্তর্ধান হন ১৯৪৫ সালে। তিনি বেঁচে থাকলে একবারও স্ত্রী বা মেয়ের খবর নেবেন না, তা কি হয়? নেতাজি কি এমন চরিত্রের মানুষ ছিলেন? যাঁরা মনে করেন নেতাজি ১৯৪৫ সালে মারা যাননি, তাঁদের আমি এ প্রশ্ন করতে চাই। আর সবচেয়ে বড় কথা হলো, এমিলি শেঙ্কেল যত দিন বেঁচে ছিলেন, তত দিন একবারও প্রকাশ্যে বলেননি যে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছেন—এ কথা তিনি বিশ্বাস করেন না।’
এদিকে টাইমস অব ইন্ডিয়া জানায়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গত শুক্রবার নেতাজির নথিগুলো প্রকাশের ঘটনা ভারতের কেন্দ্রীয় সরকারকেও নাড়া দিয়েছে। আট দিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নথিগুলো প্রকাশের ঘোষণা দেওয়ার পর সুভাষ বসুর পরিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আটবার ফোন পেয়েছে। নেতাজির পরিবারের সঙ্গে আগামী ১৪ অক্টোবর আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু বলেন, ‘গত শনিবারও আমাদের কাছে ফোন এসেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কতজন দেখা করতে চান তার তালিকা চাওয়া হয়েছে।’