নেতাজী সুভাষ ২০ বছরের স্বৈরশাসন চেয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেতাজী সুভাষ চন্দ্র বসু
নেতাজী সুভাষ চন্দ্র বসু

ভারতে স্বাধীনতার পর ২০ বছরের স্বৈরশাসন চেয়েছিলেন দেশটির স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা নেতাজী সুভাষ চন্দ্র বসু।
গতকাল রোববার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ১৯৪৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে দেওয়া এক বক্তৃতায় এমন মত দেন নেতাজী।
সিঙ্গাপুরের তৎকালীন দৈনিক সানডে এক্সপ্রেস পত্রিকায় নেতাজীর এই বক্তৃতা প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুসারে ভারতে ব্রিটিশ শাসনের অবসানের পর দেশটিতে দুই দশকের জন্য স্বৈরশাসন দরকার বলে মত দেন নেতাজী। তাঁর মতে, স্বাধীন ভারতে কোনো সংবিধানই দাঁড়াতে পারবে না। তাই সেখানে স্বৈরশাসনই ভালো।
নেতাজী ১৯৪৫ সালে অন্তর্হিত হন। তাঁর এই নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে বিতর্ক রয়েছে। অন্তর্ধানের বছরই তাইহোকুতে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় বলে ধারণা করা হয়।

নেতাজীকে নিয়ে প্রায় নিয়মিতভাবে বিভিন্ন নতুন তথ্য-উপাত্ত প্রকাশিত হচ্ছে। এতে তাঁর রাজনীতি, আদর্শ, মতবাদ, অন্তর্ধান নিয়ে পাল্টাপাল্টি দাবি করা হচ্ছে। এ নিয়ে হচ্ছে নানা গবেষণাও। এরই ধারাবাহিকতায় এখন বলা হচ্ছে, ভারতে স্বাধীনতার পর স্বৈরশাসন চেয়েছিলেন নেতাজী।

নতুন এই তথ্যের বাইরে ভারতে রাজনৈতিক ব্যবস্থার রূপরেখা বিষয়ে নেতাজীর মতামত পাওয়া যায় ‘ইন্ডিয়ান স্ট্রাগল’ শীর্ষক বইয়ে। তাঁর স্বীকারোক্তিমূলক বইটি ১৯৩৫ সালে লন্ডন থেকে প্রকাশিত হয়। ওই বইয়ে তিনি ভারতে ফ্যাসিবাদ ও সাম্যবাদের সংমিশ্রণে একটি রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলেন। এই রাজনৈতিক ব্যবস্থাকে ‘সাম্যবাদ’ বলতেন তিনি। বইটির একটি কপি ইতালির স্বৈরশাসক বেনিতো মুসোলিনিকে দিতে ১৯৩৫ সালে বিশেষ সফরে রোম গিয়েছিলেন নেতাজী। নিজের এই মতাদর্শের কারণে কংগ্রেসের শান্তিবাদী নেতাদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। বিশেষ করে মহাত্মা গান্ধী ও পণ্ডিত নেহ্‌রুর সঙ্গে তাঁর মতভেদ ছিল সবচেয়ে বেশি।

১৯২৮ সালে কলকাতায় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনের আয়োজন করেন নেতাজী। সেখানে পুরোপুরি সামরিক কায়দায় ‘গার্ড অব অনার’ দেওয়ার আয়োজন করেন তিনি। এতে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক অংশ নেন। তাঁদের অর্ধেকের পরনে ছিল সামরিক উর্দি। ওই উর্দিতে সামরিক কর্মকর্তাদের আদলে ধাতব অলংকার লাগানো ছিল। অনুষ্ঠানে নেতাজী নিজেও একজন জ্যেষ্ঠ ব্রিটিশ সামরিক কর্মকর্তার মতো পোশাক পরেন। তাঁর পোশাকটি কলকাতাভিত্তিক একটি ব্রিটিশ প্রতিষ্ঠান থেকে তৈরি করা হয়েছিল। পোশাকে যুক্ত করা হয়েছিল উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার র‍্যাঙ্ক। আর তাঁর হাতে ছিল ফিল্ড মার্শালের লাঠি। নেতাজীর এমন কর্মকাণ্ডে রীতিমতো বিরক্ত হয়েছিলেন গান্ধী। এরপরও নানা সময়ে নেতাজীর মধ্যে সামরিক-প্রীতি দেখা গেছে।

তবে অন্য তথ্য-প্রমাণে দেখা যায়, নেতাজী ফ্যাসিবাদের চেয়ে নাৎসিবাদ বেশি পছন্দ করতেন। ১৯৪৪ সালে টোকিও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় তাঁর এই মনোভাব প্রকাশিত হয়।