নেপাল সফরে যাচ্ছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি দুই দিনের সফরে আজ রোববার নেপাল যাচ্ছেন। এই সফর দুই দেশের মধ্যকার সম্পর্কে নতুন অধ্যায় উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন মোদি।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত ১৭ বছরের মধ্যে নেপালে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই প্রথম দ্বিপক্ষীয় সফর।
নেপাল সফর নিয়ে গতকাল শনিবার দেওয়া এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, বাণিজ্য, বিনিয়োগ, জলবিদ্যুত্, কৃষিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে করণীয় চিহ্নিত করবেন তিনি।
মোদি বলেন, ‘আমি আশা করি, আমার সফর ভারত-নেপাল সম্পর্কে নতুন অধ্যায় উন্মোচন করবে।’
ভারতের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাবেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা।
নেপালের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন মোদি।
ভারতের প্রধানমন্ত্রীর নেপাল সফরের সময় দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি হতে পারে। এ ছাড়া নেপালের জন্য অর্থনৈতিক সহায়তা ঘোষণা করতে পারেন মোদি।