নেহরু-গান্ধী পরিবার খাদের কিনারে: নটবর
নটবর সিংয়ের আত্মজীবনী ওয়ান লাইফ ইজ নট এনাফ-এ ভারতের অন্যতম বিরোধী দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীকে নেতিবাচকভাবে উপস্থাপনের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছে। এরই মধ্যে সম্প্রতি প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারেও কংগ্রেসের সাবেক এই নেতা নেহরু-গান্ধী পরিবার নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন।
নেহরু-গান্ধী পরিবারের চারটি প্রজন্মের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সাবেক মন্ত্রী নটবরের। প্রভাবশালী পরিবারটির সম্ভাব্য পরিণতি সম্পর্কে তিনি বলেন, তারা এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে। আগামী সাধারণ নির্বাচনে ভালো করতে ব্যর্থ হলে, সেটি হবে ওই পরিবারের ওপর প্রচণ্ড আঘাত। দলটির কর্মীদের মনোবল এখন সম্পূর্ণ ভেঙে গেছে।
নটবরের নেতিবাচক মন্তব্যের জবাবে সোনিয়া ‘সত্য জানাতে’ নিজেই বই লেখার ঘোষণা দিয়েছেন। তাঁর এ ধরনের প্রতিক্রিয়ায় নটবর বিস্ময় প্রকাশ করে বলেন, পরামর্শ দেওয়ার সুযোগ থাকলে তিনি সোনিয়াকে নীরব থাকতে বলতেন। ওই আত্মজীবনীতে মনমোহন সম্পর্কেও মন্তব্য রয়েছে। কিন্তু তিনি তো কোনো প্রতিক্রিয়া দেখাননি।
ভারতের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল থেকে ‘মাত্র ৪৪ জন সাংসদের একটি দলে’ পরিণত হয়েছে কংগ্রেস। দলটির এই নিম্নমুখী অবস্থানের জন্য সোনিয়াকেই দায়ী করেন নটবর।