নোট বাতিল 'আইনসিদ্ধ লুটতরাজ': মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই তাঁর নোট বাতিলের সিদ্ধান্তকে ‘পাহাড়প্রমাণ অব্যবস্থাপনা, সংগঠিত ও আইনসিদ্ধ লুটতরাজ’ বলে অভিহিত করলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

রাজ্যসভায় উপস্থিত থাকলেও নরেন্দ্র মোদি সাবেক প্রধানমন্ত্রীর মন্তব্যের কোনো জবাব দেননি। তবে সভার বাইরে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, এটা দুর্ভাগ্যের যে এমন মন্তব্য যিনি করলেন, তাঁদের ১০ বছরের শাসনেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এবং জন্ম হয়েছে কালোটাকার।

নোট বাতিল নিয়ে কয়েক দিন ধরে ভারতীয় সংসদ অচল ছিল। রাজ্যসভা অচল ছিল প্রধানমন্ত্রীর উপস্থিতির দাবিতে। সংসদ সচল করার চেষ্টায় গতকাল বৃহস্পতিবার সকালে বিরোধীদের বৈঠকে ডেকেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কিন্তু বিরোধীরা সেই ডাকে সাড়া দেয়নি। এর পরেই সরকারপক্ষ থেকে জানানো হয় মোদি রাজ্যসভায় উপস্থিত থাকবেন। তাঁর উপস্থিতিতেই নোট বাতিল বিতর্ক শুরু হয়। যদিও মধ্যাহ্নভোজের পর প্রধানমন্ত্রী না আসায় ফের বানচাল হয়ে যায় সভা।

বিতর্কের শুরুই করেন মনমোহন সিং। মিনিট সাতেকের ভাষণে তিনি বলেন, ‘সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছি না। কিন্তু অবস্থা যা, পাহাড়প্রমাণ অব্যবস্থাপনা ছাড়া তা আর কিছু নয়। সরকারের এই সিদ্ধান্ত “সংগঠিত ও আইনসিদ্ধ লুটতরাজ”। এর ফলে ভারতের প্রবৃদ্ধি অন্তত ২ শতাংশ কমে যাবে।’

সভাকক্ষের বাইরে মনমোহনের এই বক্তব্যের জবাব দেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। বলেন, কংগ্রেসের ১০ বছরের শাসন ছিল দুর্নীতিতে ভরা। একের পর এক অর্থনৈতিক কেলেঙ্কারি হয়েছে। সেই সঙ্গে জন্ম নিয়েছে কাঁড়ি কাঁড়ি কালোটাকা।

নোট বাতিল সিদ্ধান্তের দুই সপ্তাহ পর মানুষের সমস্যা কিছুটা কমলেও বিরোধীরা বিষয়টিকে হাতছাড়া করতে রাজি নয়। আগামী সোমবার দেশজুড়ে বিরোধীরা নিজেদের মতো করে ‘আক্রোশ দিবস’ পালন করবে।

এদিকে, প্রথম আলোর কলকাতা প্রতিনিধি জানান, নোট বাতিলের প্রতিবাদে গতকাল পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় তৃণমূল কংগ্রেসের ডাকে মিছিল হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করে তাঁর ক্ষোভের কথা ব্যক্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছেন।

২৮ নভেম্বর কলকাতায় তৃণমূল আয়োজিত মহামিছিলে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাম দলও প্রতিবাদ মিছিল ও সমাবেশ করবে নোট বাতিলের প্রতিবাদে।