নোট বাতিলের পর মোদির প্রথম পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পাঞ্জাব ও গোয়া রাজ্যের বিধানসভা নির্বাচনে গতকাল শনিবার ভোট গ্রহণ করা হয়েছে। এই নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির জন্য প্রথম বড় পরীক্ষা বলে ধরা হচ্ছে। কেননা, গত বছর মোদি ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের যে বিতর্কিত সিদ্ধান্ত ঘোষণা করেন, তাতে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি হয়।

গোয়ার ৪০ এবং পাঞ্জাবের ১১৭ আসনের বিধানসভার পুরোটা জুড়ে ভোট হয়েছে গতকাল। গোয়াতে ভোট পড়েছে রেকর্ড ৮৩ শতাংশ এবং পাঞ্জাবে ৭০ শতাংশ। পাঞ্জাবে এবার ভোট পড়েছে গতবারের চেয়ে কম। দুই রাজ্যেই বর্তমানে ক্ষমতায় আছে কেন্দ্রের শাসক দল বিজেপি। তবে পাঞ্জাবে তাদের শরিক হিসেবে আছে আকালি দল।

আগামী পাঁচ সপ্তাহ ধরে কয়েক দফায় ভোট হবে আরও তিন রাজ্যে। এগুলো হলো উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও মণিপুর। পাঁচ রাজ্যের ভোটের ফলাফল আগামী ১১ মার্চ প্রকাশিত হওয়ার কথা।

প্রধানমন্ত্রী মোদির নোট বাতিলের সিদ্ধান্ত এবং এ থেকে সৃষ্ট জনদুর্ভোগ ও বিতর্কের প্রেক্ষাপটে এ নির্বাচন তাঁর সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের পরীক্ষা হবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী মোদির দল সম্ভবত পাঞ্জাবের ক্ষমতা হারাবে। ২০০৭ সাল থেকে তাঁর দল আঞ্চলিক শরিকদের নিয়ে এখানে ক্ষমতায়। তবে দলটির জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে ভারতের জনবহুলতম রাজ্য উত্তর প্রদেশের নির্বাচন। ২০১৪ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে এখানে মোদির দল বড় জয় পেয়েছে। ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় সবচেয়ে বেশিসংখ্যক এমপি এ রাজ্য থেকেই নির্বাচিত। এ কক্ষে বিজেপির সংখ্যাগরিষ্ঠতায় ঘাটতি রয়েছে।