নোট বাতিলের রাজনীতি ও মোদির নয়া ফরমান

নোট বাতিল নিয়ে উত্তাল ভারতীয় রাজনীতি নতুন বাঁক নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ফরমানে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দলের সব সাংসদ ও বিধায়ককে ৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের ব্যাংকের খাতার যাবতীয় হিসাব দলীয় সভাপতি অমিত শাহর কাছে জমা দিতে হবে।
এই নির্দেশ অন্য রাজনৈতিক দলের ওপর চাপ সৃষ্টি করবে মনে করা হলেও কংগ্রেস এর বিরোধিতা করে বলেছে, বিজেপির উচিত ৮ নভেম্বরের আগে তারা দলগতভাবে ব্যাংকে কত টাকা জমা দিয়েছে সেই হিসাব দাখিল করা।
গতকাল ছিল সংসদের শীতকালীন অধিবেশনের দশম দিন। সেই অধিবেশনও মোটামুটিভাবে বানচাল হয়ে যায়। তবে তার আগে সরকারপক্ষ আয়কর বিলের সংশোধনী পাস করিয়ে নেয়। গত সোমবার এই বিল অর্থমন্ত্রী অরুণ জেটলি লোকসভায় পেশ করেছিলেন। এই বিলে বলা হয়েছে, আয়বহির্ভূত ৫০০ ও ১০০০ টাকার নোট যাঁরা জমা দিয়েছেন, তাঁদের মোট অর্থের অর্ধেকই কর হিসেবে গ্রাহ্য হবে। বাকি অর্ধেকের অর্ধেক টাকা তাঁরা তুলতে পারবেন। বাকিটা তোলা যাবে চার বছর পর। জমা পড়া টাকার হিসাব যাঁরা দিতে পারবেন না, তাঁদের জমা পড়া অর্থের মোট ৮৫ শতাংশ কর ও জরিমানা বাবদ কাটা যাবে। এভাবে আদায় করা অর্থ ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্পে’ সরকার খরচ করবে।
নোট বাতিলের ফলে ভারতের সর্বত্র সাধারণ মানুষকে ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। আগামী ৭-১০ দিনের মধ্যে নোটের চাহিদা প্রচুর বেড়ে যাবে। বেতনের টাকা মানুষজন তুলতে পারবেন কি না, সেই সংশয় প্রবল। সারা দেশেই বিরোধীরা এই অবস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। তবে এখন পর্যন্ত সাধারণ মানুষের রোষের বহিঃপ্রকাশ সেভাবে দেখা যায়নি। বরং ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর দেশের বিভিন্ন প্রান্তে যে উপনির্বাচনগুলো হয়েছে, সর্বত্রই বিজেপির ফল ভালো হয়েছে। সাত রাজ্যের লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে ভালো ফলের পর মহারাষ্ট্র ও গুজরাটের পুরসভা ও পঞ্চায়েত ভোটে বিজেপি আগেরবারের চেয়েও ভালো করেছে। ভোটের এই ফলে প্রধানমন্ত্রী উৎফুল্ল।