নোবেল পেলে ১০০ কোটি রুপি পুরস্কার!

কেউ যদি নোবেল পুরস্কার পান, তবে তাকে দেওয়া হবে ১০০ কোটি রুপি। এ ঘোষণা শুধু ভারতের অন্ধ্র প্রদেশের বাসিন্দাদের জন্য। আর এ ঘোষণা দিয়েছেন দেশটির অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্র বাবু নাইডু।
গতকাল বুধবার রাজ্যের তিরুপতিতে পদ্মাবতী ওমেন ইউনিভার্সিটিতে আয়োজিত ন্যাশনাল চিলড্রেনস সায়েন্স কংগ্রেসে কথা বলার সময় রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রী এ ঘোষণা দেন।
শান্তি, সাহিত্য, অর্থনীতি, চিকিৎসা, রসায়ন ও পদার্থে প্রতিবছর নোবেল পুরস্কার দেওয়া হয়।
পিটিআইয়ের খবরে বলা হয়েছে, শিশুরা যে কাজ করে তা উপভোগ করার পরামর্শ দিয়ে চন্দ্র বাবু নাইডু বলেন, কঠোর পরিশ্রম করে কাজ শেষ করতে হবে। তিনি বলেন, ‘ক্ষুদ্র উদ্ভাবন অনেক সময় মহান আবিষ্কার হতে পারে।’
অনুষ্ঠানে গত বছরে পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী জাপানি অধ্যাপক টিকাকি কাজিতাকে সংবর্ধনা দেওয়া হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ওয়াই এস চৌধুরী ছাড়াও অন্যরা অনুষ্ঠানে বক্তব্য দেন।