নোট বাতিল ও 'জিএসটি' কংগ্রেসের হাতিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুজরাট বিধানসভার ভোটে কংগ্রেস হাতিয়ার করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুটি সিদ্ধান্ত। নোট বাতিল এবং অভিন্ন পণ্য ও পরিষেবা কর, সারা দেশে যা ‘জিএসটি’ নামে পরিচিত। দলের এক শীর্ষ নেতার ব্যাখ্যায় যা হলো ‘কাঁটা দিয়ে        কাঁটা তোলা’।

দলের সহসভাপতি রাহুল গান্ধী গতকাল সোমবার দলীয় দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর এই জোড়া ধাক্কা দেশের অর্থনীতিকে উচ্ছন্নে পাঠিয়েছে।’

গত বছরের ৮ নভেম্বর নরেন্দ্র মোদি আচমকাই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। জিএসটি চালু হয় চলতি বছরের জুলাই মাস থেকে। এই জোড়া ধাক্কা দেশের সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করে তোলে। প্রবৃদ্ধির হার ২ শতাংশ কমে যায়। রাহুল বলেন, ‘দেশের গরিব মানুষের যন্ত্রণা প্রধানমন্ত্রী আজও বুঝতে চাইছেন না। বাস্তবতাকে তিনি এখনো গ্রহণ করতে অস্বীকার করে চলেছেন। নোট বাতিলের সিদ্ধান্ত যে বিপর্যয় ডেকে এনেছে, তা তিনি স্বীকার করতে নারাজ। তাই ৮ নভেম্বর দিনটি ঢাকঢোল পিটিয়ে তাঁরা উদ্‌যাপন করতে চাইছেন।’

কংগ্রেসসহ মোট ১৮টি বিরোধী দল দেশজুড়ে ৮ নভেম্বর ‘কালো দিবস’ পালন করবে। এই ঘোষণার পরপরই বিজেপিও পাল্টা কর্মসূচি ঠিক করে। অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দেন, ওই দিনটি তাঁরাও পালন করবেন ‘কালোটাকাবিরোধী দিবস’ হিসেবে। রাজ্যে রাজ্যে অনুষ্ঠান করে তাঁরা বোঝাবেন, কালোটাকা উদ্ধার করতেই ওই নোট বাতিলের সিদ্ধান্ত        নেওয়া হয়েছিল।

এই প্রচার নিয়ে বিজেপি নেতাদের একাংশের মনে আবার কিছুটা সংশয় দেখা দিয়েছে। কারণ নোট বাতিলের মধ্য দিয়ে কালোটাকা উদ্ধার হয়নি। যত টাকা বাতিল হয়, তত টাকা রিজার্ভ ব্যাংকে ফেরতও চলে আসে। তা ছাড়া বিদেশের ব্যাংকে গচ্ছিত কালোটাকা দেশে এনে প্রত্যেকের ব্যাংক খাতায় ১৫ লাখ করে জমা দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শুনিয়েছিলেন, তা-ও আজ পর্যন্ত হয়নি। জনতাকে তাই নোট বাতিল সিদ্ধান্তের সাফল্য বোঝানো কষ্টকর হবে বলে এই মহলের ধারণা। সরকারের প্রতি জনগণ যথেষ্ট ক্ষুব্ধ।