নোট বাতিলের রাজনীতিতে মোদির নয়া ফরমান
নোট বাতিল নিয়ে উত্তাল ভারতীয় রাজনীতি নতুন বাঁক নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ফরমানে। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দলের সব সাংসদ ও বিধায়ককে ৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের ব্যাংকের খাতার যাবতীয় হিসাব দলীয় সভাপতি অমিত শাহর কাছে জমা দিতে হবে।
এই নির্দেশ অন্য রাজনৈতিক দলের ওপর চাপ সৃষ্টি করবে মনে করা হলেও কংগ্রেস এর বিরোধিতা করে বলেছে, বিজেপির উচিত ৮ নভেম্বরের আগে তারা দলগতভাবে ব্যাংকে কত টাকা জমা দিয়েছেন, সেই হিসাব দাখিল করা। বিরোধীদের দাবি, নোট বাতিল নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণার আগাম খবর বিজেপি এবং তাদের ঘনিষ্ঠদের কাছে ছিল।
মঙ্গলবার ছিল সংসদের শীতকালীন অধিবেশনের দশম দিন। সেই অধিবেশনও মোটামুটিভাবে বানচাল হয়ে যায়। তবে তার আগে সরকারপক্ষ আয়কর বিলের সংশোধনী পাস করিয়ে নেয়। গতকাল সোমবার এই বিল অর্থমন্ত্রী অরুণ জেটলি লোকসভায় পেশ করেছিলেন। এই বিলে বলা হয়েছে, আয়বহির্ভূত ৫০০ ও ১০০০ হাজার টাকার নোট যাঁরা জমা দিয়েছেন, তাঁদের মোট পরিমাণের অর্ধেক কর হিসেবে গ্রাহ্য হবে। বাকি অর্ধেকের অর্ধেক টাকা তাঁরা তুলতে পারবেন। বাকিটা তোলা যাবে চার বছর পর। জমা পড়া টাকার হিসাব যাঁরা দিতে পারবেন না, তাঁদের জমা পড়া অর্থের মোট ৮৫ শতাংশ কর ও জরিমানা বাবদ কাটা যাবে। এভাবে আদায় করা অর্থ ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্পে’ সরকার খরচ করবে।
নোট বাতিলের ফলে দেশের কোণে কোণে সাধারণ মানুষজনকে ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। এটিএমে পর্যাপ্ত টাকা নেই। নতুন ৫০০ টাকার নোটের জোগান চাহিদার তুলনায় কম। ১০০ টাকার হাহাকারও খুব। আগামী সাত-দশ দিনের মধ্যে নোটের চাহিদা প্রচুর বেড়ে যাবে। বেতনের টাকা মানুষজন তুলতে পারবেন কি না, সেই সংশয় প্রবল। সারা দেশেই বিরোধীরা এ অবস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। মনে করা হচ্ছে, এই কটা দিন ভালোয় ভালোয় না কাটলে প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের বিরুদ্ধে জনরোষ বাড়বে।
অবশ্য এখন পর্যন্ত জনরোষের সেই বহিঃপ্রকাশ দেখা যায়নি। বরং, ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর দেশের বিভিন্ন প্রান্তে যে উপনির্বাচনগুলো হয়েছে, সর্বত্রই বিজেপির ফল ভালো হয়েছে। সাত রাজ্যের লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে ভালো ফলের পর মহারাষ্ট্র ও গুজরাটের পৌরসভা ও পঞ্চায়েত ভোটে বিজেপি আগেরবারের চেয়েও ভালো ফল করেছে। এই ফলে প্রধানমন্ত্রী উৎফুল্ল। তিনি সবাইকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন, প্রধানমন্ত্রী কালোটাকার বিরুদ্ধে অভিযানে মানুষের যে সমর্থন রয়েছে, এই ফলই তার প্রমাণ।
নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বিজেপি-বিরোধী প্রচার অব্যাহত রেখেছেন। কলকাতা ও দিল্লির পর তিনি মঙ্গলবার উত্তর প্রদেশের লখনৌয়ে জনসভা করেন। আগামীকাল বুধবার তিনি জনসভা করবেন বিহারের রাজধানী পাটনায়।