নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে উত্তাল কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ। আজ সোমবার মিছিল, হরতাল ও প্রতিবাদ সমাবেশ হয় পশ্চিমবঙ্গজুড়ে।

আজ ১৮টি বাম দলের যৌথ মোর্চা নোট বাতিলের প্রতিবাদে অর্ধদিবস হরতালের ডাক দেয় পশ্চিমবঙ্গে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেন মহা মিছিলের। কংগ্রেস পালন করে আক্রোশ দিবস হিসেবে। তিন দল ও জোট প্রতিবাদ মিছিলে যোগ দেয়।

তৃণমূলের মিছিল কাঁপিয়ে দেয় কলকাতাকে। কলেজ স্কয়ার থেকে মমতার নেতৃত্বে আয়োজিত মহা মিছিল শেষ হয় ধর্মতলায়। সেখানে প্রতিবাদ সমাবেশে মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেন, ‘মোদিকে অবিলম্বে বাতিল করতে হবে নোট বাতিলের সিদ্ধান্ত। এখন মোদি দেশকে রসাতলে পাঠিয়ে মজায় ঘুমাচ্ছেন। ক্যাশ লেস করতে চাইছেন দেশকে। আসলে এটা ফেসলেস মোদির বেজলেস সিদ্ধান্ত।’

মমতা আরও বলেন, ‘আজকের নোট বাতিলের আন্দোলন তৃণমূলের একার নয়, গোটা দেশবাসীর। আজ মোদি দেশকে বিক্রি করে দিচ্ছে। ভবিষ্যতে এই সত্যটি প্রমাণ হবে।’ তিনি বলেন, ‘প্রয়োজনে আমরা মোদির বাসভবনের সামনে ধরনা দেব। তাই আমরা চাই মোদি এখনই এই নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করুক। মানুষের ভোগান্তি নিরসন করুক। গরিব মানুষের বাঁচার অধিকার দিক। নইলে ভবিষ্যতে আমরা দেশজুড়ে নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলব।’