নোটকাণ্ডে আরও উত্তপ্ত ভারত, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোট বাতিলের প্রতিবাদে এলাহাবাদে বিরোধী দলের কর্মীরা রাস্তায় দুধ ও শাকসবজি ফেলে বিক্ষোভ করেন l রয়টার্স
নোট বাতিলের প্রতিবাদে এলাহাবাদে বিরোধী দলের কর্মীরা রাস্তায় দুধ ও শাকসবজি ফেলে বিক্ষোভ করেন l রয়টার্স

বড় নোট বাতিলের মাধ্যমে দেশে ‘অর্থনৈতিক জরুরি অবস্থা’ জারির সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে বিরোধীরা। তার আগে গতকাল বুধবার সংসদ ভবন চত্বরে ১৫টি বিরোধী দলের অন্তত ২০০ সাংসদ শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেন। ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারতীয় সংসদের উভয় কক্ষ টানা ছয় দিন অচল।

সংসদের এই অচলাবস্থা কাটাতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ বৃহস্পতিবার বিভিন্ন দলের নেতাদের বৈঠক ডেকেছেন। কী করে সংসদকে সচল করা যায়, বৈঠকে তার উপায় খোঁজা হবে। বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রীকে রাজ্যসভায় উপস্থিত হয়ে নোট বাতিল নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে হবে। তাঁর বিরুদ্ধে সংসদ অবমাননার অভিযোগ আনার কথা ভাবা হয়েছে।

নোটকাণ্ডে সরকারবিরোধী বিক্ষোভের রাশ মোটামুটিভাবে হাতে তুলে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি আবার দিল্লি আসেন। দুপুরে সংসদ ভবনের অদূরে যন্তর মন্তরে তিনি এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। সেখানে তৃণমূলের সাংসদদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন সংযুক্ত জনতা দলের শরদ যাদব, সমাজবাদী পার্টির জয়া বচ্চন, ধর্মেন্দ্র যাদবসহ আম আদমি পার্টি ও এনসিপির নেতারা। জমায়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলারের সঙ্গে তুলনা করে মমতা বলেন, ‘আচ্ছে দিন’ আনার কথা জানিয়ে তিনি ভোট লুটেছেন, এবার নোট লুটছেন। মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, দেশের সবাইকে তিনি দুর্নীতিগ্রস্ত ভেবে নিয়েছেন। মমতা বলেন, সাহস থাকলে মোদি এখনই ভোটে দাঁড়ান। তাহলেই বোঝা যাবে, দেশের মানুষ কী চায়।

সংসদ ভবনে বিক্ষোভ সমাবেশে অন্যদের সঙ্গে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীও ছিলেন। তিনি বলেন, আগুপিছু বিবেচনা না করে হুট করে এমন অর্থনৈতিক সিদ্ধান্ত আগে কেউ কখনো নেননি। কেন এই সিদ্ধান্ত, তা তদন্ত করার জন্য সংসদীয় কমিটি গঠনের দাবিকে রাহুল সমর্থন জানান। বিরোধীদের একাংশের অভিযোগ, সরকারের এই সিদ্ধান্তের খবর কিছু কিছু মানুষকে আগাম জানিয়ে দেওয়া হয়েছিল। রাহুল বলেন, প্রধানমন্ত্রী এমন একটা ভাব দেখাচ্ছেন, যেন অন্য রাজনৈতিক দলগুলো সবাই কালোটাকার পক্ষে। তাঁর জন্য দেশের ১০০ কোটি মানুষের ভোগান্তির একশেষ।

কালোটাকা ও জাল নোট নিয়ে মোদির এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধীরা প্রতিবাদে শামিল হলেও বিভিন্ন দলের মধ্যে এ নিয়ে মতপার্থক্য রয়েছে। যেমন সংযুক্ত জনতা দলের শরদ যাদব বুধবার মমতার সমাবেশে ভাষণ দিলেও তাঁরই দলের বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে শরদ যাদব বলেন, ‘সাধারণ মানুষের হয়রানির জন্যই আমাদের এই ক্ষোভ। একইভাবে সমাজবাদী পার্টির অমর সিং বুধবার বলেছেন, উদ্দেশ্যটা ভালো হয়তো, তবে রূপায়ণটা ক্ষতিকর। বহুজন সমাজ পার্টির সাংসদেরা সংসদ ভবনে মানববন্ধনে উপস্থিত থাকলেও মমতার সমাবেশে কেউ যাননি। আবার তামিলনাড়ুর জয়ললিতার দল বারবার বিজেপির সঙ্গ দিলেও এ ক্ষেত্রে এডিএমকে সদস্যরা মানববন্ধনে যোগ দেন। শিবসেনা এত দিন এ বিষয়ে সরকারের বিরোধিতা করলেও বুধবার সরকারি সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে জানিয়েছে।

কলকাতা প্রতিনিধি জানান, ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কলকাতাসহ গোটা রাজ্যে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ডাকে গতকাল বুধবার দুপুরে বের হওয়া মিছিলটি কলকাতার কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে ধর্মতলায় এসে শেষ হয়।