নোবেল চুরিতে এক সন্দেহভাজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিনিকেতনের রবীন্দ্র ভবন থেকে ২০০৪ সালে নোবেল পদক চুরির ঘটনায় তাপস দাস নামের এক সন্দেহভাজনকে আটক করেছে কলকাতা পুলিশ।

নোবেল পদক চুরির ঘটনা তদন্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার গত বছরের ১ সেপ্টেম্বর গঠন করেছে সিট (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) বা বিশেষ তদন্ত দল। তদন্তে নেমে এই দল শান্তিনিকেতন থেকে সম্প্রতি তাপস দাসকে আটক করে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরের ৪ আগস্ট শান্তিনিকেতন সফরে গিয়ে বলেছিলেন, পশ্চিমবঙ্গ সরকার কবিগুরুর চুরি যাওয়া নোবেল পদক উদ্ধারে তদন্ত করতে ইচ্ছুক। মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের জন্য ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে চিঠি লেখেন। কিন্তু সিবিআই এতে সাড়া না দিলে মমতা এই তদন্তের জন্য সিট গঠন করেন।

২০০৪ সালের ২৫ মার্চ শান্তিনিকেতনের রবীন্দ্র ভবন থেকে কবিগুরুর এই নোবেল পদকসহ আরও ৫৩টি মূল্যবান সামগ্রী বা সম্পদ চুরি হয়। ওই বছরেরই ৩১ মার্চ এই চুরির তদন্তে নামে সিবিআই। কিন্তু কিনারা করতে না পেরে ২০০৭ সালে ওই তদন্ত বন্ধ করে দেয়। পরে আবার ২০০৮ সালে তদন্ত শুরু করে। কিন্তু এতেও বেশি দূর এগোতে না পেরে ২০১০ সালে ফের বন্ধ করে দেয় তদন্ত।

১৯১৩ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে এই নোবেল পদক পেয়েছিলেন।