নৌকাবাইচ দেখতে গিয়ে ডুবে মৃত ১০
নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে নদীতেই ডুবে মারা গেলেন ছয় নাবালক, দুই নারীসহ ১০ জন। গতকাল রোববার ভারতের আসাম রাজ্যে গোয়ালপাড়ায় নৌকাডুবির মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রবল ঝড়ে নৌকাবাইচ প্রতিযোগিতাও স্থগিত রাখতে বাধ্য হন উদ্যোক্তারা।
আসামের রাজধানী গুয়াহাটি থেকে ২০০ কিলোমিটার দূরে মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ে বিশ্বকর্মাপুজো উপলক্ষে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হয়েছিল নৌকাবাইচ প্রতিযোগিতার। সাবন নদীর এই বাইচ দেখতে বহু মানুষ নৌপথে উপস্থিত হয়েছিল সেখানে। কিন্তু বিকেল পাঁচটা নাগাদ শুরু হয় প্রবল ঝড়। সেই ঝড়েই উল্টে যায় নিহত ব্যক্তিদের নৌকা।
উদ্ধারকাজ শেষ হওয়ার পর আজ সোমবার গোয়ালপাড়ার পুলিশ সুপার অমিতাভ সিনহা সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তিরা সবাই একটি নৌকায় ছিলেন। ঝড়ের দাপট সহ্য করতে না পেরে নৌকাটি উল্টে যায়। বাকিরা পারে ফিরে এলেও ছয় নাবালক, দুই নারীসহ ১০ জনের সলিলসমাধি হয়।
প্রাথমিক পর্যায়ে রটে যায়, কম করে ১০টি নৌকাডুবি হয়। শতাধিক মানুষ নিখোঁজ। কিন্তু পুলিশ সুপার জানিয়েছেন, একটি মাত্র নৌকাই ডুবেছে। মৃতের সংখ্যাও ১০। নিখোঁজও হয়নি কেউ।
গতকালের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে আসামের। গুয়াহাটিতে বিশ্বের উচ্চতম দুর্গাপ্রতিমা বানানোর প্রয়াসও থমকে গিয়েছে ঝড়ে দাপটে। তছনছ হয়ে গিয়েছে ১১০ ফুট উঁচু প্রতিমার কাঠামো। তবে উদ্যোক্তারা জানান, পুজোর আগেই তাঁরা ফের ১১০ ফুট দুর্গা বানিয়ে তুলবেনই।
ঝড়ের তাণ্ডবে গুয়াহাটির দাপর বিলে এক মাঝির নিখোঁজ সংবাদ পাওয়া গিয়েছে। ২০ মিনিটের এই ঝড়ে গুয়াহাটি শহরেই এক বাইক আরোহীর মাথায় গাছ ভেঙে পড়ায় তিনিও ঘটনাস্থলে প্রাণ হারান।