ন্যাশনাল হেরাল্ড বিতর্ক অব্যাহত, পার্লামেন্ট অচল
ভারতে ন্যাশনাল হেরাল্ড বিতর্কে আজ বুধবার আগুনে ঘি দিলেন স্বয়ং রাহুল গান্ধী। কংগ্রেসের এই নেতা সংসদ ভবন চত্বরে সরাসরি অভিযোগ আনলেন প্রধানমন্ত্রীর অফিসের বিরুদ্ধে। বললেন, ‘এটা ১০০ শতাংশ রাজনৈতিক প্রতিহিংসা। এর পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়।’
এই মন্তব্যের পাশাপাশি রাহুল এ কথাও বলেন, ‘বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। শেষমেশ সত্য ঠিকই প্রকাশিত হবে।’
ন্যাশনাল হেরাল্ড বিতর্ককে কেন্দ্র করে মঙ্গলবারের মতো আজ বুধবারও পার্লামেন্টের উভয় কক্ষ উত্তাল হয়ে ওঠে। কংগ্রেস সাংসদেরা দুই কক্ষের ওয়েলে নেমে আসায় দফায় দফায় সভা মুলতবি হয়ে যায়। এই বিতর্কে কংগ্রেসের পাশে সমর্থন নিয়ে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস। এই প্রশ্নে সরকারের সমালোচনা করে তৃণমূল কংগ্রেস সাংসদেরা ওয়াক আউটও করেন।
দিল্লি সফরে এসে গতকাল মঙ্গলবারই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়ে দেন, এত বছর রাজনীতি করার পর যদি কাউকে নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতে হয়, সেটা মানা যায় না। আজ ছিল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জন্মদিন। মমতা সন্ধ্যায় সোনিয়ার বাড়ি গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান এবং ন্যাশনাল হেরাল্ড বিতর্কে তাঁর সমর্থনের কথাও জানিয়ে দেন।
নিম্ন আদালতের নির্দেশকে কেন্দ্র করে পার্লামেন্ট অচল করে দেওয়ায় কংগ্রেসের সমালোচনায় বিজেপি নেতৃত্ব সুর চড়িয়েছে। সংসদীয়মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু অভিযোগ করে বলেন, পার্লামেন্টকে হাতিয়ার করে, পার্লামেন্ট অচল রেখে কংগ্রেস বিচার বিভাগকে ভয় দেখাতে চাইছে। এর জবাবে রাহুল বলেন, ‘সত্য আসলে ঠিক উল্টো। বিচারব্যবস্থাকে কারা ভয় দেখাচ্ছে আমরা সব জানি।’ সংসদীয় প্রতিমন্ত্রী রাজীব প্রতাপ রুডি আবার রাহুলকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সংসদের সময় নষ্ট না করে সাহস থাকলে তিনি সংসদেই বরং প্রমাণ দিন প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে কে এবং কীভাবে রাজনৈতিক স্বার্থে কংগ্রেসের বিরুদ্ধে এই চক্রান্ত করেছে।
কংগ্রেসের কেউ অবশ্য এই জবাব দেননি। শুধু লোকসভার বিরোধী নেতা কংগ্রেসের মল্লিকাজুর্ন খারগে সভায় বলেন, এ দেশে দুই ধরনের আইন রয়েছে। একটি শাসক দলের জন্য, অন্যটি বিরোধীদের জন্য।
কংগ্রেসের সঙ্গে শাসক দলের সম্পর্ক হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় সারা দেশে অভিন্ন পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বিল পাস হওয়া নিয়ে চরম সংশয় দেখা গিয়েছে। এই বিল এই অধিবেশনে পাস না হলে আগামী অর্থ বর্ষ থেকে অভিন্ন এই ব্যবস্থা চালু করা অসম্ভব।