ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলদের স্বস্তি

ন্যাশনাল হেরাল্ড মামলায় ভারতের দিল্লি হাইকোর্ট স্বস্তি দিলেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীসহ অন্য কংগ্রেস নেতাদের। উচ্চ আদালত আজ মঙ্গলবার জানিয়ে দিলেন, বিজেপি সাংসদ সুব্রামানিয়াম স্বামী সরকার নন। অতএব সরকারি নথি অথবা কংগ্রেস দলের করসংক্রান্ত কাগজপত্র পাওয়ার কোনো অধিকার তাঁর নেই।
সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীসহ কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের সম্পত্তি হাতানোর অভিযোগ এনে বিজেপির এই সাংসদ মামলা ঠুকেছিলেন। তাঁর অভিযোগ ছিল, জওহরলাল নেহরু যে সংবাদপত্রের প্রতিষ্ঠা করেছিলেন, সেই সংবাদপত্রের স্থাবর-অস্থাবর যাবতীয় সম্পত্তি সোনিয়া-রাহুলসহ কয়েকজন কংগ্রেস নেতা নামমাত্র টাকায় হাতিয়ে নিয়েছেন। সে জন্য কংগ্রেসের দুই শীর্ষ নেতা ইয়ং ইন্ডিয়ান নামে অন্য একটি কোম্পানি খুলে ন্যাশনাল হেরাল্ডের যাবতীয় দায়ভার হাতবদল করেছেন। নিম্ন আদালতের সমন মেনে হাজিরা দেওয়ার পর কংগ্রেস সুপ্রিম কোর্টে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিল। সর্বোচ্চ আদালত সেই আরজি মেনে নেন। তবে মামলাটি খারিজ হয়নি।
গত ফেব্রুয়ারি মাসে নিম্ন আদালতে সুব্রামানিয়াম স্বামী কেন্দ্রীয় অর্থ, কোম্পানি–সংক্রান্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয় থেকে কিছু সরকারি নথি পাওয়ার আবেদন জানান। একই সঙ্গে তাঁর আরজি ছিল, ২০১০-১১ সালে কংগ্রেসের দাখিল করা করের রিটার্নও যেন তাঁকে দেওয়া হয়। নিম্ন আদালত সেই আরজি মেনে সরকারকে তথ্যাদি দেওয়ার নির্দেশ দেয়। তার প্রতিবাদে কংগ্রেস হাইকোর্টে আবেদন জানায়। মঙ্গলবার সেই আবেদনের শুনানি হয়।
মোতিলাল ভোরা, সুমন দুবে, অস্কার ফার্নান্দেজ, স্যাম পিত্রোদাদের আইনজীবীরা বলেন, নিম্ন আদালত নির্দেশ দেওয়ার আগে যথেষ্ট ভাবনাচিন্তা করেননি। আদালত তথ্য চাইতে পারেন। কিন্তু ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কাউকে সরকারি নথি হস্তান্তরের নির্দেশ দেওয়া যায় না, যেহেতু তার অপব্যবহার হতে পারে।
শুনানি শেষে দিল্লি হাইকোর্ট জানান, বিজেপির এই সাংসদ সরকার নন। কাজেই সরকারি তথ্যাদি পাওয়ার কোনো অধিকার তাঁর নেই।
সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতাদের দাবি, ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মালিক আগেও কংগ্রেস ছিল, এখনো কংগ্রেসই আছে। নতুন ব্যবস্থায় কংগ্রেসের কোনো আর্থিক ক্ষতিও হয়নি।