ন্যাশনাল হেরাল্ড মামলায় স্বস্তিতে সোনিয়া, রাহুল
ন্যাশনাল হেরাল্ড মামলায় কিছুটা স্বস্তি পেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর পুত্র রাহুল। ভারতের সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার নিম্ন আদালতে দায়ের হওয়া এই মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে সোনিয়া ও রাহুলসহ অন্য কংগ্রেস নেতাদের রেহাই দিয়েছেন। তবে সুপ্রিম কোর্ট বলেছেন, মামলাটি তাঁরা খারিজ করছেন না। মামলাটির সুবিচার হবে বলে তাঁদের আশা।
অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) কোম্পানি ছিল ন্যাশনাল হেরাল্ড পত্রিকার প্রকাশক। ১৯৩৬ সালে জওহরলাল নেহরু এই পত্রিকা প্রকাশ করেন। তৎকালীন কংগ্রেস নেতারাই ছিলেন এই কোম্পানির শেয়ারহোল্ডার। পরবর্তীকালে কোম্পানিটির শাখা-প্রশাখা বিস্তার লাভ করে। কিন্তু ২০০৮ সালে ওই সংবাদপত্র বন্ধ হয়ে যায়। তার আগে পত্রিকাটির পুনরুজ্জীবনে কংগ্রেস তার দলীয় তহবিল থেকে ৯০ কোটি টাকা এজেএলকে বিনা সুদে ঋণ দেয়। শেষ পর্যন্ত ইয়ং ইন্ডিয়া লিমিটেড নামে অন্য একটি কোম্পানি এজেএল অধিগ্রহণ করে নেয়। নতুন এই কোম্পানির ৭৬ শতাংশ শেয়ার সোনিয়া ও রাহুলের। বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী কোম্পানির এই হাতবদলের বিরুদ্ধেই মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, কোম্পানি অধিগ্রহণের মধ্য দিয়ে গান্ধী পরিবার ন্যাশনাল হেরাল্ড-এর দেশজোড়া সম্পত্তি দখল করেছেন। স্বামীর অভিযোগ, এই সম্পত্তির পরিমাণ অন্তত পাঁচ হাজার কোটি টাকা।