নয় মিনিটের ভিডিও মন্ত্রিত্ব খসাল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসায় গতকাল বুধবার স্থানীয় সময় রাত আটটার দিকে একটি সিডি সরবরাহ করা হয়। আধা ঘণ্টা পর টুইট করেন আম আদমি পার্টির (এএপি) প্রধান। তিনি তাঁর মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য সন্দীপ কুমারকে বরখাস্ত করার কথা জানান।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, কথিত সিডিতে প্রায় নয় মিনিটের একটি আপত্তিকর ভিডিও রয়েছে। ৩৪ বছর বয়সী সন্দীপ কুমারকে দুই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে বলে এএপি নেতাদের ভাষ্য। সিডিতে ১১টি ছবিও রয়েছে।
সন্ধ্যায় কিছু টিভি চ্যানেলেও এসব ছবি ও ভিডিও ফাঁস হয়। তারই একটি অনুলিপি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়।
কেজরিওয়াল তাঁর টুইটারে লিখেছেন, সিডিতে থাকা সন্দীপের ছবি-ভিডিও আপত্তিকর। এটা মেনে নেওয়া যায় না। সন্দীপকে তাৎক্ষণিকভাবে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর বাংলোয় গভীর রাত পর্যন্ত বৈঠক হয়েছে। বৈঠকে সন্দীপের বিরুদ্ধে আর কী ব্যবস্থা নেওয়া যায় এবং তাঁর স্থলে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়েছে।
ঘটনার পর উপমুখ্যমন্ত্রী মানিস সিসোদিয়া সাংবাদিকদের বলেছেন, সন্দীপের বিষয়ে একটি আপত্তিকর সিডি পেয়েছেন মুখ্যমন্ত্রী। আধা ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্দীপকে সরিয়ে দেওয়া হয়েছে।
মানিস সিসোদিয়া বলেন, এএপি একটি আদর্শ দল। দুর্নীতি, কেলেঙ্কারিসহ অন্যায়-অনাচারের বিরুদ্ধে এই দলের নীতি ‘জিরো টলারেন্স’।