নয়াদিল্লি ও মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গোয়েন্দা সংস্থাগুলো রাজধানী নয়াদিল্লি, মুম্বাইসহ আরও বড় কিছু শহর কিংবা সীমান্তবর্তী পাঞ্জাব ও রাজস্থানে জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা সন্ত্রাসী হামলা করতে পারে বলে উল্লেখ করে সতর্কতা জারি করেছে। পাকিস্তান থেকে লস্কর-ই-তাইয়েবার ২০-২১ জনের একটি দল ভারতে প্রবেশ করেছে—এই তথ্য দিয়ে গোয়েন্দা সংস্থাগুলো এই সতর্কতা জারি করে।

ভারতের গোয়েন্দা সংস্থার খবর অনুযায়ী, পাকিস্তান থেকে লস্করের ২০-২১ জনের একটি দল ভারতে প্রবেশ করে ছোট ছোট দলে ভাগ হয়ে গেছে। এরা পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রশিক্ষণপ্রাপ্ত।

পুলিশের জারি করা সতর্কতা অনুযায়ী, রাজধানী নয়াদিল্লির মেট্রো, রেলপথ, বিমানবন্দর, পর্যটকদের কাছে জনপ্রিয় হোটেল, জনাকীর্ণ বিপণিবিতান, ধর্মীয় উপাসনালয় ও স্টেডিয়ামগুলোতে কড়া নজরদারি এবং সন্ত্রাসবিরোধী পদক্ষেপ জোরদার করতে বলা হয়েছে। অনুপ্রবেশকারী জঙ্গিরা গণমাধ্যমের মনোযোগ টানার মতো হামলার পরিকল্পনা করছে বলেও পুলিশ জানিয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, জঙ্গিরা আত্মঘাতী হামলাকারী দিয়ে জনবহুল স্থানে হামলা করাতে পারে।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে গত শুক্র ও শনিবার জঙ্গিদের সঙ্গে সেনাসদস্যদের দুটি গোলাগুলির ঘটনায় সাবজার ভাটসহ আট জঙ্গি নিহত হয়েছে। সাবজার কাশ্মীরের জনপ্রিয় তরুণ বিচ্ছিন্নতাবাদী নেতা নিহত বুরহান ওয়ানির স্থলাভিষিক্ত হয়েছিলেন বলে ধারণা করা হয়। শুক্রবার সন্ধ্যায় পুলওয়ামা জেলার ট্রালের জঙ্গি আস্তানায় সেনা অভিযানে নিহত হন সাবজার ভাট।