নয়াদিল্লি প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দির তৈরির নতুন উদ্যোগে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিন গতকাল বুধবার রাজ্যসভায় সেই উদ্বেগ ঝরে পড়ে। বিরোধী সদস্যরা রাজ্যসভার ওয়েলে নেমে এসে এই উদ্যোগের প্রতিবাদ জানান।
সংসদীয় প্রতিমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি সদস্যদের আশ্বস্ত করে বলেন, মন্দির-মসজিদ বিতর্কটি আদালতের বিচারাধীন। সবারই উচিত আদালতের রায় মেনে চলা।
রাজস্থান ও গুজরাট থেকে রামমন্দির তৈরির জন্য কয়েক ট্রাক পাথর সম্প্রতি অযোধ্যায় পাঠানো হয়েছে। পাথরগুলোর ওপর রামমন্দিরের নানান নকশা কাটা। বাবরি মসজিদ ধ্বংসের পর রামমন্দির তৈরির জন্য ভারতের বিভিন্ন রাজ্যে এ পাথর খোদাইয়ের কাজ শুরু হয়। দেশ-বিদেশ থেকে ইট আসতেও শুরু করে। কিছুদিন চলার পর অবশ্য ওই উদ্যমে ভাটা পড়েছিল। সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নতুন করে মন্দির তৈরির কাজে উদ্যোগী হয়েছে। উদ্বেগ ও শঙ্কা এ নিয়েই।
জনতা দল (সংযুক্ত) সদস্য কে সি ত্যাগী গতকাল রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করেন। তাঁর অভিযোগ, উত্তর প্রদেশ বিধানসভার ২০১৭ সালের ভোটের প্রাক্কালে নতুনভাবে মন্দির তৈরির কর্মসূচি নিয়ে বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ ও সংঘ পরিবারের অন্য সদস্যরা সাম্প্রদায়িকতায় উসকানি দিতে শুরু করেছে। সরকারের উদ্দেশে কে সি ত্যাগী বলেন, দাঙ্গার প্ররোচনা অবিলম্বে বন্ধ করা হোক। ত্যাগীর সঙ্গে গলা মেলান অন্যরাও। মুক্তার আব্বাস নাকভি তখন বলেন, বিরোধপূর্ণ স্থান থেকে দেড় কিলোমিটার দূরে ১৯৯০ সাল থেকেই মন্দির তৈরির জন্য পাথর খোদাইয়ের কাজ চলছে। সরকার এবং বিজেপি মনে করে, আদালত যে রায় দেবেন, সবার তা মানা উচিত।
উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী গতকাল সংসদ ভবন চত্বরে বলেন, রামমন্দির বিজেপি ও সংঘ পরিবারের বরাবরের অ্যাজেন্ডা। বিজেপির উচিত, দলের লোকজনকে সংযত রাখা।
বিজেপির নির্বাচনী ইশতেহারে রামমন্দিরের উল্লেখ থাকলেও গত কয়েক বছর দলটি এই বিতর্কিত বিষয় নিয়ে বিশেষ উচ্চবাচ্য করেনি। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ গত মাস থেকে রামমন্দির তৈরিতে নতুন উদ্যোগ নেয়। ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন ভিএইচপি নেতা প্রবীণ তোগাড়িয়া ভোপালে বলেন, মোদির ওপর তাঁদের অগাধ বিশ্বাস। বিজেপির জাতীয় কর্মসমিতির শেষ বৈঠকে ঠিক হয়েছে, সংসদে বিল পাস করিয়ে গুজরাটের সোমনাথ মন্দিরের মতো অযোধ্যায় রামমন্দির তৈরি করা হবে। তার প্রস্তুতি হিসেবেই চলছে অযোধ্যায় পাথর পাঠানোর কাজ। অযোধ্যার ধর্মীয় নেতা মহন্ত নৃত্যগোপাল দাস পিটিআইকে এক সাক্ষাৎকারে বলেছেন, পাথর আসা শুরু হয়েছে। মোদি-সরকারের কাছ থেকে তাঁর মন্দির তৈরির ইঙ্গিতও পেয়েছেন।
কীর্তি আজাদ বরখাস্ত: এদিকে অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে প্রকাশ্যে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলায় সাংসদ কীর্তি আজাদকে বরখাস্ত করেছে বিজেপি। এ নিয়ে বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব চলছিল। দুর্নীতির অভিযোগ নিয়ে কেজরিওয়াল-জেটলি লড়াইয়ের আঁচ বিজেপিতে ছড়ানোর ধারাবাহিকতায়ই এ পরিণতি।