নয়াদিল্লিতে এক দিনে দুই শিশু ধর্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় আড়াই ও পাঁচ বছর বয়সী দুটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ বলেছে, এর মধ্যে অন্তত একটি ক্ষেত্রে গণধর্ষণের ঘটনা ঘটেছে। খবর এএফপির।
আড়াই বছরের শিশুটিকে গত শুক্রবার পশ্চিম দিল্লির নাংলোই এলাকার একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে অপহরণ করা হয়। শিশুটিকে তার বাড়ির কাছেই একটি পার্কে ফেলে রেখে যায় দুষ্কৃতকারীরা। পুলিশ ও মেয়েটির আত্মীয়স্বজনেরা বলছেন, ফেলে রাখার আগে মেয়েটির ওপর যৌন নিগ্রহ চালানো হয়।
পশ্চিম দিল্লির পুলিশপ্রধান পুষ্পেন্দ্র কুমার বলেন, ‘হারিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এ সময় মেয়েটির প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল।’
পূর্ব দিল্লির আনন্দ বিহারে শুক্রবার পৃথক ঘটনায় পাঁচ বছরের মেয়েটি গণধর্ষণের শিকার হয়। মেয়েটিকে ফুসলিয়ে পাশের বাসায় নিয়ে গিয়ে তিনজন ধর্ষণ করে বলে জানায় পুলিশ। অভিযুক্ত ব্যক্তির বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে বেরিয়ে আসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা অভিযুক্ত ব্যক্তিদের ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে, দুটি মেয়েরই চিকিৎসা চলছে।
এক সপ্তাহ আগেই দিল্লিতে চার বছরের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় জড়িত ২৫ বছর বয়সী একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।