নয়াদিল্লিতে এবার স্কুলছাত্রীকে গণধর্ষণ
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার হয়েছে দশম শ্রেণীর এক ছাত্রী। স্কুলে যাওয়ার পথে তাকে তুলে নিয়ে ধর্ষণ করে তার চার বন্ধুসহ পাঁচজন। ধর্ষণের সময় তারা ছবি তুলে রাখে। একই সঙ্গে কাউকে এ ঘটনা বললে ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
পশ্চিম দিল্লির উত্তম নগরে ১৯ জুলাই ঘটা এ ঘটনা গত সোমবার ফাঁস হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯ জুলাই ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে তার পরিচিত দুই বন্ধু তাকে তুলে নিয়ে যায় ঝারোদার সুরেন্দ্র পালোয়ান নামের একজনের বাড়িতে। সেখানে অপেক্ষা করছিল সুরেন্দ্র পালোয়ান ও প্রমোদসহ তিনজন। সেখানে অস্ত্রের মুখে এই পাঁচজন তাকে ধর্ষণ করে।
ছাত্রীর ভাষ্য, পালোয়ান নিজেকে একজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় এবং তাকে পুলিশের পরিচয়পত্রও দেখায়।
এত দিন মেয়েটি ভয়ে চুপ করে থাকলেও সোমবার ছাত্রীটির শারীরিক কিছু সমস্যা দেখা দিলে সে মায়ের কাছে ঘটনার কথা খুলে বলে। এরপর থানায় মামলা করা হলে গতকাল প্রমোদসহ দুই নাবালক বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি দুজনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
ভারতে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। ২০১২ সালে চলন্ত বাসে এক মেডিকেল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই অপরাধের শাস্তি হিসেবে সরকারকে জোরালো ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। ধর্ষণবিরোধী আইন জোরদার ও ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার কথা বলা হয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ২০১৩-এর হিসাব অনুযায়ী, ভারতে প্রতি ২১ মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে।