নয়াদিল্লিতে জাতীয় শোক দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শুধু বাংলাদেশই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক আবহে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছিল। আজ মঙ্গলবার বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভায় এ অভিমত ব্যক্ত হয়।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এ অনুষ্ঠানে জাতির জনকের প্রতি শ্রদ্ধা অর্পণের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও শান্তিরক্ষার অঙ্গীকার করা হয়।

এ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক ও তাঁর রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়ে এক আলোচনা সভায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস ডি মুনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টোকে হত্যা এই উপমহাদেশে গণতন্ত্রের প্রসার ও বিকাশ রোখারই চক্রান্ত। স্বাধীনতা লাভের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই বঙ্গবন্ধু শুরু করেছিলেন, তার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন সাবেক জেনারেল দীপক কাপুর। কীভাবে মুক্তিযোদ্ধারা সেই লড়াইয়ে শামিল হয়েছিলেন, কীভাবে ভারতীয় সেনা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, সেই অভিজ্ঞতার কথা জানান তিনি। বঙ্গবন্ধুর নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন সাবেক রাষ্ট্রদূত রণেন সেন। আলোচনা সভা পরিচালনা করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী।

মঙ্গলবার সকালে হাইকমিশনের পতাকা অর্ধনমিত রাখা হয়। এক মিনিট নীরবতা পালিত হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বার্তা পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠান পরিচালনা করেন চ্যান্সারি প্রধান জাহিদ উল ইসলাম।