পক্ষ ত্যাগ করলেন ১০ এমপি, শশীকলার অবস্থা নড়বড়ে
ভারতের তামিলনাড়ু রাজ্যের ক্ষমতাসীন এআইএডিএমকে দলের ওপর নিয়ন্ত্রণ ক্রমেই নড়বড়ে হয়ে যাচ্ছে শশীকলা নটরাজনের। রাজ্যের শিক্ষামন্ত্রীর পর এবার দলের ১০ জন নির্বাচিত জনপ্রতিনিধি শশীকলার পক্ষ ত্যাগ করে পদত্যাগী মুখ্যমন্ত্রী পনিরসেলভামের পক্ষে অবস্থান নিয়েছেন।
জনপ্রতিনিধিদের মধ্যে আটজন রাজ্যসভার সাংসদ ও দুজন লোকসভার বিধায়ক।
লোকসভার সাংসদদের এই সমর্থন রাজ্যসভায় পনিরসেলভামের পক্ষে সরাসরি কোনো ভূমিকা রাখবে না। কিন্তু তাঁদের এই সমর্থন এত দিন নিশ্চুপ থাকা অনেক বিধায়ককে হয়তো সবর করতে পারে। অনেকে এর দ্বারা প্রভাবিত হয়ে শশীকলার পক্ষ ত্যাগ করতে পারেন বলেও মনে করা হচ্ছে।
এর আগে পনিরসেলভামের পক্ষে ছয়জন বিধায়ক ও একজন মন্ত্রী সমর্থন দিয়েছেন। দলের ১৩৪ বিধায়কের মধ্যে অধিকাংশের সমর্থন থাকার দাবি করেছেন শশীকলা। কিন্তু ধীরে ধীরে অনেকে তাঁর পক্ষ ত্যাগ করছেন।
পনিরসেলভাম দাবি করেছেন, তাঁর পক্ষে আরও নেতার সমর্থন রয়েছে। কিন্তু দলের নেতা ও বিধায়কদের জোরপূর্বক একটি অবকাশ কেন্দ্রে আটকে রেখেছেন শশীকলা ও তাঁর অনুসারীরা।
পদত্যাগের পরও মুখমন্ত্রীর পদে পুনর্বহাল হতে চান পনিরসেলভাম। তাঁর দাবি জোরপূর্বক তাঁকে পদত্যাগ করানো হয়েছে। মুখমন্ত্রীর পদে পুনর্বহাল হতে কমপক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন লাগবে পনিরসেলভামের।
এদিকে রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওয়ের কাছে সাক্ষাতের আবেদন করেও এখনো সাড়া পাননি শশীকলা। রাজ্যপালসংশ্লিষ্ট সূত্র জানায়, কার পক্ষে কত বিধায়কের সমর্থন আছে, তা নিয়ে তিনি মোটেও ভাবছেন না। তাঁর ভাবনায় আছে রাজ্যের স্থিতি।
শশীকলার বিরুদ্ধে সম্পত্তিসংক্রান্ত একটি মামলার রায় এই সপ্তাহের শেষ ভাগে দেবেন সুপ্রিম কোর্ট। এতে দোষী হলে তিনি আগামী ছয় মাস কোনো নির্বাচনে দাঁড়ানো এবং কোনো পদে বসার ক্ষেত্রে অযোগ্য হয়ে যাবেন। ফলে এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তামিলনাড়ু রাজ্যের নজর।