পঞ্চায়েতে ধর্ষণের নির্দেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উচ্চবর্ণের’ এক নারীকে নিয়ে পালিয়ে গেছে ভাই। তার সাজা হিসেবে দুই বোনকে ধর্ষণ করার নির্দেশ দিয়েছে গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশ রাজ্যের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে ডনের এক খবরে আজ রোববার এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ‘নিম্নবর্গের’ দলিত শ্রেণির এক যুবক উচ্চ বর্ণের এক বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যান। এর জন্য স্থানীয় পঞ্চায়েত বৈঠকে ওই যুবকের দুই বোনকে ধর্ষণ করার এবং তাঁদের উলঙ্গ করে মুখে চুনকালি মাখিয়ে সারা গ্রাম ঘোরানোর রায় দেওয়া হয়।
দুই বোনের একজনের নাম মীনাক্ষ্মী কুমারী (২৩)। অপর বোনের বয়স ১৫ বছর। তার নাম জানানো হয়নি।
এই শাস্তির নির্দেশ শোনার পর ভাগপত জেলার ওই গ্রাম থেকে পালিয়ে পরিবারটি দিল্লিতে আশ্রয় নিয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ বিষয়ে হস্তক্ষেপ করতে ও দুই বোনকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে এরই মধ্যে স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
আবেদনে সংস্থাটি জানিয়েছে, ‘কোনোভাবে এ শাস্তি ন্যায্যতা পেতে পারে না। এটি ন্যায্য নয়। এটি সঠিক নয়, এটি আইনবিরোধী।’

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মীনাক্ষী কুমারী নিজের ও তাঁর পরিবারের নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টের আবেদন করেছেন। তিনি অভিযোগ করেছেন, জাট সম্প্রদায়ের ওই মেয়ের পরিবারের চাপে এলাকার পুলিশ তাঁর ভাইয়ের বিরুদ্ধে মাদকের মিথ্যা মামলা করেছে। যদিও এরই মধ্যে স্থানীয় আদালত থেকে তাঁর ভাই জামিনে আছেন। কিন্তু ভাইকে ছাড়িয়ে আনতে জামিনের কাগজপত্র প্রয়োজন। আর সেসব কাগজ আনতে গ্রামে যেতে ভয় পাচ্ছেন তাঁরা।

সুপ্রিম কোর্ট এ ঘটনায় প্রমাণ জোগাড় করতে কর্তৃপক্ষকে প্রতি নোটিশ জারি করেছেন।

কুমারী তাঁর করা আবেদনে বলেছেন, তাঁর ভাইয়ের সঙ্গে জাট সম্প্রদায়ের ওই নারীর তিন বছরের প্রেমের সম্পর্ক। ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে তাঁকে নিজেদের সম্প্রদায়ের এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের এক মাস পর ওই নারী তাঁর শ্বশুর বাড়ি ছেড়ে তাঁর (কুমারী) ভাইয়ের সঙ্গে পালায়। কিন্তু ওই নারীর পরিবার ও পুলিশি নির্যাতনের চাপে একপর্যায়ে এই তাঁরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
ওই নারী নিজেকে তিন মাসের অন্তঃসত্তা বলে দাবি করেন। কিন্তু তাঁকে তাঁর মা-বাবার কাছে তুলে দেওয়া হয়। আর ছেলেটিকে মাদকের মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কুমারীর পরিবার দিল্লিতে চলে আসার পর তাদের বাড়িঘর তছনছ করে জাট সম্প্রদায়ের লোকজন বাড়ি দখল করে নেয়।