পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গ
পঞ্চায়েত (স্থানীয় সরকার পরিষদ) নির্বাচন নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। বিরোধী দলগুলোর প্রার্থীদের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ইতিমধ্যে সিপিএমের সাবেক দুই সংসদ সদস্য গুরুতর জখম হয়েছেন শাসক দলের সমর্থকদের হাতে।
২ এপ্রিল থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়া। চলবে ৯ এপ্রিল পর্যন্ত। নির্বাচন ১, ৩ ও ৫ মে।
ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিতে শাসক দলের বাধা, মনোনয়নপত্র ছিনতাইসহ নানা তাণ্ডব শুরু হয়েছে। আগেই তৃণমূলের নেতারা ঘোষণা দিয়েছিলেন, এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে শূন্য করে দেওয়া হবে বিরোধী দলকে। বিরোধী দলের অভিযোগ, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য এখন উঠেপড়ে লেগেছে শাসক দল। যদিও তৃণমূল বারবার এই দাবি অগ্রাহ্য করে আসছে।
পুরুলিয়ায় সিপিএমের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে শাসক দলের সমর্থকেরা বেদম মারধর করেন সিপিএমের প্রার্থীসহ সাবেক সাংসদ বাসুদেব আচারিয়াকে। গতকাল শুক্রবার পুরুলিয়ার কাশীপুরে ঘটেছে এই ঘটনা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বীরভূমে একইভাবে মার খেয়েছেন সিপিএমের সাবেক সাংসদ রামচন্দ্র ডোমসহ সিপিএমের বহু প্রার্থী, সমর্থক। অন্যদিকে, কোচবিহারের দিনহাটায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হয়ে গতকাল গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল প্রার্থী মাহফুজুর রহমান।
রাজ্য নির্বাচন কমিশন দপ্তর সূত্রে বলা হয়েছে, গতকাল পর্যন্ত রাজ্যের গ্রাম পঞ্চায়েতের ৪৮ হাজার ৬৫০টি আসনের মধ্যে তৃণমূল মনোনয়নপত্র জমা দিয়েছে ৩০ হাজার ১২৩টি আসনে। অন্যদিকে, বিজেপি দিয়েছে ১৪ হাজার ৬৭২টি আসনে আর সিপিএম দিয়েছে ৭ হাজার ১২২টি আসনে। পাশাপাশি পঞ্চায়েত সমিতির ৯ হাজার ২১৭টি আসনের মধ্যে তৃণমূল জমা দিয়েছে ৪ হাজার ৭৫৩টি আসনে প্রার্থিতা। বিজেপি দিয়েছে ২ হাজার ৪৪১টি আসনে এবং সিপিএম দিয়েছে ১ হাজার ৩৪৫টি আসনে। একইভাবে জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে তৃণমূল দিয়েছে ৩৯৩টি, বিজেপি ২১২টি এবং সিপিএম দিয়েছে ১৫৩টি আসনে প্রার্থিতা।
এদিকে পুলিশ সূত্রে বলা হয়েছে, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পুলিশ ১ হাজার ৭৮৮ জন অপরাধীকে আগাম গ্রেপ্তার করেছে। এ ছাড়া গন্ডগোল পাকানোর অভিযোগে আরও গ্রেপ্তার করা হয়েছে ৩০৩ জনকে।
এদিকে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরীর দায়ের করা একটি জনস্বার্থ মামলায় গতকাল শুনানি শেষে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ ব্যানার্জির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ উল্লেখ করেছে, মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিরোধীরা আক্রান্ত হচ্ছে, প্রার্থীরা সময়মতো মনোনয়নপত্র জমা দিতে পারছেন না। তাই এ ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য ১৬ এপ্রিলের মধ্যে পেশ করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। ২০ এপ্রিল শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন কলকাতা হাইকোর্ট।