পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিলতা কাটেনি, নিরাপত্তার প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চায়েত নির্বাচন নিয়ে গত শুক্রবার কলকাতা হাইকোর্টে ফের মামলা হয়েছে। ছবি: রয়টার্স
পঞ্চায়েত নির্বাচন নিয়ে গত শুক্রবার কলকাতা হাইকোর্টে ফের মামলা হয়েছে। ছবি: রয়টার্স


পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনো জটিলতা কাটেনি। এদিকে নির্বাচনী কর্মকর্তা, কর্মীসহ সাধারণ ভোটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনার ১০টি বিরোধী দলের নেতাদের গতকাল শনিবার তাঁর দপ্তরে পৃথক বৈঠকে ডাকেন। বৈঠকে ভোটকর্মী ও ভোটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি নির্বাচন কমিশনারকে জানান বিরোধী নেতারা।

বৈঠকে বিরোধী নেতারা বলেন, পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের মধ্যে এখনো সংঘর্ষ চলছে। শুক্র ও শনিবার সংঘর্ষে মারা গেছে আরও দুজন। শান্তিপূর্ণ নির্বাচন করতে রাজ্যে নির্বাচনকালে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে হবে। রাজ্য পুলিশ দিয়ে এই নির্বাচন করা সম্ভব নয়। তা ছাড়া রাজ্যের হাতে পর্যাপ্ত পুলিশও নেই।

গত শুক্রবার কলকাতা হাইকোর্টে এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের মামলা হয়েছে। বিচারপতি সুব্রত তালুকদারের একক বেঞ্চে একটি মামলা করেছে বাম দল। একই ইস্যুতে এই বেঞ্চে আরেকটি মামলা করেছে পিডিএস। দুই দলেরই অভিযোগ, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন বিরোধী দলের সঙ্গে বৈঠক না করেই একতরফাভাবে ১৪ মে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। বিশেষ করে রাজ্যের ভোটারদের নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনার বিরোধী দলের সঙ্গে কোনো কথা বলেননি।

আরেকটি মামলাটি করেছে সরকারি কর্মচারীদের সংগঠন ‘রাজ্য সরকারি কর্মচারী পরিষদ’। তারা মামলা করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে। তাদের অভিযোগ, যেসব সরকারি কর্মী ভোটের কাজে নিয়োজিত থাকবেন, তাঁদের নিরাপত্তার গ্যারান্টি কী? তারা ভোটকর্মীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি তুলেছে।

বিচারপতি সুব্রত তালুকদারের একক বেঞ্চ দুটি মামলা গ্রহণ করে শুনানির জন্য কাল সোমবার দিন ধার্য করেছেন। আর দ্বৈত বেঞ্চ ভোটকর্মীদের নিরাপত্তা দিতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন কী কী ব্যবস্থা নিয়েছে, তা আগামী ৪ মের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন। এই মামলার শুনানি হবে ৪ মে।

গত বৃহস্পতিবার বিকেলে রাজ্য নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে এক দফায়। ভোট হবে ১৪ মে। ভোট গণনা ১৭ মে।

ফলে এবার পশ্চিমবঙ্গে তিন দফার পরিবর্তে এক দফায় নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। যদিও এই প্রস্তাবের বিরোধিতা করেছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল। তারা প্রশ্ন তুলেছে, কীভাবে এক দিনে ভোট সম্পন্ন হবে? এবার পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ৫৮ হাজার ৪৬৭টি বুথে। রাজ্য সরকারের হাতে আছে ৪৬ হাজার সশস্ত্র পুলিশ। আর ১২ হাজার লাঠিধারী পুলিশ। সব মিলিয়ে এই সংখ্যা ৫৮ হাজার। এ অবস্থায় একটি বুথে একজন পুলিশ দেওয়াই কঠিন হয়ে পড়বে। অথচ এই নির্বাচন সম্পন্ন করতে কম করে হলেও ১ লাখ ২০ হাজার পুলিশের প্রয়োজন।

বিরোধীদের অভিযোগ, রাজ্য সরকার একটি প্রহসনমূলক নির্বাচন করতে চাইছে। শাসক দল একতরফা ভোট কেটে নিতে পারে।

রাজ্য নির্বাচন কমিশন গত ৩১ মার্চ পঞ্চায়েত নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ১, ৩ ও ৫ মে নির্বাচন হওয়ার কথা ছিল। এরপর বিভিন্ন নির্বাচনী অভিযোগ তুলে কলকাতা হাইকোর্ট ও ভারতীয় সুপ্রিম কোর্টে বিরোধী দল মামলা করে। এর পরিপ্রেক্ষিতে স্থগিত হয়ে যায় নির্বাচনী কার্যক্রম। পরে অবশ্য ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট মামলার শুনানি করেন। মনোনয়নপত্র জমার সময় এক দিন বাড়িয়ে দেন আদালত। সে অনুযায়ী মনোনয়নপত্র জমার কাজ শেষ হয় ২৩ এপ্রিল। শেষ হয় প্রার্থীপদ যাচাই-বাছাইয়ের কাজ। শনিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন।