পঞ্চায়েত নির্বাচন নিয়ে সংঘর্ষে নিহত ২
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে বিজেপি, বাম দল ও কংগ্রেসের দায়ের করা মামলা শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য রয়েছে। নির্বাচনী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ থাকলেও এখনো রাজ্যজুড়ে চলছে রাজনৈতিক সহিংসতা। গত শনিবার সংঘর্ষে দুজন নিহত হয়েছে।
হাইকোর্টে কালকের শুনানির পর স্পষ্ট হয়ে যাবে—নির্দিষ্ট সময়ে পঞ্চায়েত নির্বাচন হবে কি না? অথবা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বিরোধী দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হবে কি না?
বিজেপির আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের একক বেঞ্চ পঞ্চায়েত নির্বাচনের যাবতীয় কার্যক্রমের ওপর স্থগিতাদেশ জারি করেন। এ বিষয়ে শুনানির জন্য ১৬ এপ্রিল শুনানির তারিখ রাখেন আদালত। এই আদেশের বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি গ্রহণের আবেদন জানায়। এই আবেদনের ওপর কাল বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে শুনানি হবে।
শনিবার রাজনৈতিক সংঘর্ষে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার গোয়ালপোখর ও চোপড়ায় দুজন নিহত হয়েছেন। নিহত দুজনের মধ্যে একজন তৃণমূলের কর্মী, অন্যজন কংগ্রেসের। তৃণমূলের নিহত কর্মীর নাম ফজিল (৩৮)। কংগ্রেসের নিহত কর্মীর নাম বৈশাখু কর্মকার (৫৮)। ফজিলের বাড়ি গোয়ালপোখর, বৈশাখুর বাড়ি চোপড়া।
সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে নির্বাচন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের রেকর্ডসংখ্যক প্রার্থী জয়ী হতে চলেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত খবরে বলা হয়েছে, এ বছর ৪০ থেকে ৪৩ শতাংশ তৃণমূলের প্রার্থী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন।
বলা হয়েছে, ১৯৭৮ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের হার ছিল শূন্য দশমিক ৭৩ শতাংশ। ১৯৮৩ সালে শূন্য দশমিক ৭৪ শতাংশ। ১৯৮৮ সালে ৮ শতাংশ, ১৯৯৩ সালে ২ দশমিক ৮১ শতাংশ। ১৯৯৮ সালে ১ দশমিক ৩৫ শতাংশ। ২০০৩ সালে ১১ শতাংশ, ২০০৮ সালে ৫ দশমিক ৫৭ শতাংশ। ২০১৩ সালে ১০ দশমিক ৮৬ শতাংশ। ২০১৮ সালে এই হার বেড়ে ৪০ থেকে ৪৩ শতাংশ হতে যাচ্ছে।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ২ এপ্রিল। শেষ হওয়ার কথা ছিল ৯ এপ্রিল। কিন্তু মনোনয়নপত্র জমার দিন থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যব্যাপী সহিংসতার আশ্রয় নেয় বলে অভিযোগ ওঠে।
বিরোধী দলের অভিযোগ, তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা, মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা, মনোনয়নপত্র জমা না দেওয়ার জন্য প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি, মারপিট, বোমা হামলা, অস্ত্র নিয়ে মিছিল করা হয়েছে। আতঙ্ক সৃষ্টির মাধ্যমে বিরোধী দলকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে। ফলে বিরোধী দলের অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং ৯ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক দিন বাড়িয়ে দেন। কিন্তু রাজ্যের সরকারি দলের নেতা ও মন্ত্রীদের চাপে পরের দিন সকালেই নির্বাচন কমিশনার আরেকটি বিজ্ঞপ্তি জারি করে। এতে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এক দিন বাড়ানোর বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিজেপি সুপ্রিম কোর্টে যায়। একই দাবি নিয়ে আদালতে যায় ১৭টি বাম দল ও কংগ্রেস।
সুপ্রিম কোর্ট শুনানি শেষে গত বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিষ্পত্তি করতে আবেদনকারীদের কলকাতা হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেন। সেই লক্ষ্যে গত বৃহস্পতিবার মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। মামলায় বিচারপতি নির্বাচনী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে ১৬ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
আগামী ১, ৩ ও ৫ মে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। উদ্ভূত পরিস্থিতে যথাসময়ে নির্বাচন হবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। আগামী ১ মে বিশ্বজুড়ে মে দিবস পালিত হয়। সেদিন কীভাবে ভোট হবে, তা নিয়েও প্রশ্ন আছে। অবশ্য এই তারিখটি পরিবর্তনের জন্য বিভিন্ন শ্রমিক সংগঠন রাজ্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে। তারা বলেছে, দাবি মানা না হলে ১ মের অনুষ্ঠান তারা নির্বাচন কমিশনের সামনেই ঘটা করে পালন করবে।
যদিও বৃহস্পতিবার মামলার শুনানিকালে হাইকোর্টের বিচারপতি এই ইঙ্গিত দেন যে প্রয়োজনে নির্বাচনের তারিখ পরিবর্তন হতে পারে। তাই সময়মতো নির্বাচন হওয়া নিয়ে ইতিমধ্যে সংশয় তৈরি হয়েছে।
এবার রাজ্যে গ্রাম পঞ্চায়েতের ৪৮ হাজার ৬৫০টি আসন, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ২১৭টি আসন এবং জেলা পরিষদের ৮২৫টি আসনে নির্বাচন হবে।