পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার জেরে মমতাকে সরানোর দাবি জোরালো

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য এখন উত্তাল। গতকাল সোমবার এই এক দিনের নির্বাচনে সহিংসতায় নিহত হয়েছে ২০ জন। ২০১৩ সালের নির্বাচনেও এত বেশি প্রাণহানি ঘটেনি। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠেছে।
২০১৩ সালে এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল পাঁচ দফায়। এবার হলো এক দফায়। গত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর আপত্তিতে কেন্দ্রীয় বাহিনী আসেনি।
মমতা বরাবরই বলেছেন, এই রাজ্যের নির্বাচন করার জন্য রাজ্য পুলিশই যথেষ্ট। তাই নির্বাচনের জন্য মমতা এবার রাজ্য পুলিশ ও চার রাজ্য থেকে দুই হাজার পুলিশ এনেছেন। একই সঙ্গে ৮০ হাজার স্বেচ্ছাসেবীকে দায়িত্ব দিয়েছেন।
শুধু মমতা নন, ক্ষমতাসীন দলের মন্ত্রী–নেতারা আগেভাগেই নির্বাচনে বিরোধী দলকে মুছে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, রাজ্যে কেবল তৃণমূলই থাকবে। ১০০ শতাংশ আসনে তাঁরাই জিতবে।

মমতার এ কথার প্রমাণ মিলেছে বীরভূম জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের জয়ে। তিনি বীরভূমের জেলা পরিষদের ৪২টি আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। সেখানে তিনি বিরোধীদের দাঁড়াতে দেননি। জেলা পরিষদে বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতেও দেখেননি। শুধু জেলা পরিষদই নয়, থানা পর্যায়ের পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পর্যায়ের গ্রাম পঞ্চায়েতের বেশির ভাগ আসনে তিনি এবং তাঁর দল বিরোধী দলকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছেন। ফলে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের বহু আসনও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় করায়ত্ত করেন।
কিন্তু মমতা ও তাঁর দল তৃণমূলের এই ভূমিকা এবার আর ভালোভাবে নেননি রাজ্যের সাধারণ ভোটাররা। তাঁরা বলছেন, মমতার উন্নয়ন দেখে যদি মানুষ ভোট দেয়, তবে গণতন্ত্রকে হরণ করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের এই উগ্র বাসনা কেন থাকবে মমতার?
অতীতে এই মমতাই গণতন্ত্র রক্ষা এবং সিপিএমের ৩৪ বছরের দুঃশাসন শেষ করতে মাঠে নেমে পড়েছিলেন। ২০১১ সালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেই দিনের গণতন্ত্রের পূজারি মমতা এখন গণতন্ত্রকে ঠেলে দিয়ে পূজারি হয়েছে স্বৈরতন্ত্রের।
কিন্তু এখন অনেকেই অবস্থান নিয়েছেন মমতার ভূমিকার বিরুদ্ধে। প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ মমতার প্রিয়পাত্র অনুব্রত মণ্ডলকে নিয়েও কটূক্তি করেছেন। বলা চলে, এখন বিজেপির জোয়ার শুরু হয়েছে। এবার বিভিন্ন জনমত সমীক্ষায় সেই ইঙ্গিত দেখা গেছে।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের ভূমিকায় আদৌ সন্তুষ্ট নয় রাজ্যবাসী। বিশেষ করে গতকাল পঞ্চায়েত নির্বাচন ঘিরে ২০ জনের প্রাণহানি মেনে নিতে পারছে না রাজ্যবাসী। তা ছাড়া গতকালের এই ঘটনার পর মুখে কুলুপ এঁটে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা আর সেই সঙ্গে রাজ্যের নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং।
পঞ্চায়েত নির্বাচন নিয়ে মমতা, নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছে রাজ্যের সব বিরোধী দল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই। তাই নিয়ে এই রাজ্যে অবিলম্বে মমতার সরকারকে সরিয়ে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন তিনি। একই দাবি করেছে বাম দলও।
দিলীপ ঘোষ বলেছেন, তাঁর দল গতকাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে দেখা করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জন্য সুপারিশ করার দাবি জানিয়েছেন।
কলকাতার বাংলা, ইংরেজি, হিন্দি ও উর্দু দৈনিকের পাতাজুড়ে ছাপা হয়েছে পঞ্চায়েত নির্বাচন নিয়ে নানা খবর, সম্পাদকীয়, মতামত এবং নানা দল ও নানাজনের বিভিন্ন প্রতিক্রিয়া।
কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা আজকের সংস্করণে ৭ কলামজুড়ে প্রধান শিরোনাম করেছে পঞ্চায়েত নির্বাচন নিয়ে। শিরোনাম ‘বুথ দখলের ভোটে হত ১৪’। আর ভেতরে পাতাজুড়ে ছিল সংঘর্ষের নানা রিপোর্ট আর ছবি।

দৈনিক এই সময় প্রথম পাতায় ৭ কলামজুড়ে খবরের শিরোনাম করেছে ‘ভোটে সেই পরিচিত ছবি, মার পাল্টামারে ১৭ জনের মৃত্যু, প্রতিরোধে বিজেপি, বাম, অশান্তির বলি ১৭’।
দৈনিক বর্তমান ৮ কলামজুড়ে শিরোনাম করেছে ‘ভোটে হিংসার বলি ১৬’। দৈনিক আজকাল শিরোনাম করেছে ৭ কলামজুড়ে ‘ভোট পড়লো ৭৮%, অশান্তি পাকানোর অভিযোগে ধৃত ৩৩১, ভোটে বিক্ষিপ্ত অশান্তি’। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনাম ‘হিংসার ছোবল পঞ্চায়েতে, তৃণমূলের ৭ জনসহ নিহত ১৬’। দৈনিক যুগশঙ্খ শিরোনাম করেছে, ‘মৃত ২০, সন্ত্রাসের ভোট, গ্রাম দখলে গুন্ডারাজ, নীরব মুখ্যমন্ত্রী, মৃত্যু মিছিল’।
ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া ৭ কলামজুড়ে শিরোনাম করেছে, ‘বেঙ্গলস ব্লাডিয়েস্ট পোল ডে ক্লেইমস ১৭ লাইভস’। দ্য টেলিগ্রাফ ৭ কলামজুড়ে শিরোনাম করেছে, ‘বারন্ট এলাইভ’, ১৯ ফিয়ারড কিলড ইন রুরাল পোল’। তবে আজকের সমস্ত কাগজজুড়ে ছিল এই নির্বাচন নিয়ে নানা খবর, মতামত, মন্তব্য, সম্পাদকীয় ইত্যাদি।

এবার রাজ্যের তিস্তর পর্যায়ের গ্রাম পঞ্চায়েতের ৪৮ হাজার ৬৫০টি আসন, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ২১৭টি আসন এবং জেলা পরিষদের ৮২৫টি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের পর দেখা যায়, শাসক দল তৃণমূল কংগ্রেস জেলা পরিষদের ২০৩টি আসন, পঞ্চায়েত সমিতির ৩ হাজার ৫৯টি আসন এবং গ্রাম পঞ্চায়েতের ১৬ হাজার ৮১৪টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করে নিয়েছে। শুধু কি তা–ই, বীরভূম জেলা পরিষদের ৪২টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দল তৃণমূল।
এবার জেলা পরিষদের ৬২২টি, পঞ্চায়েত সমিতির ৬ হাজার ১৫৮টি এবং গ্রাম পঞ্চায়েতের ৩১ হাজার ৮৩৬টি আসনে নির্বাচন হয়েছে।
নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পঞ্চায়েত মামলার শুনানি শেষে জানিয়েছিলেন, সর্বশেষ ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের চেয়ে যদি এবার রাজনৈতিক সংঘর্ষ এবং জীবনহানির ঘটনা বেশি ঘটে, তবে সে জন্য দায়ী থাকবেন সরকারি কর্মকর্তারা।