পঞ্চায়েতে নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে অস্বস্তিতে তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃণমূল কংগ্রেস
তৃণমূল কংগ্রেস

পঞ্চায়েত নির্বাচন হওয়ার আগেই ৩২ শতাংশের বেশি আসন জিতেও স্বস্তিতে নেই ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ দলের প্রতিটি আসনে একজন প্রার্থী দলীয় প্রতীক পেলেও এখনো দলের প্রার্থী ছাড়া আরও ৪ হাজার ৩০২ জন দলীয় প্রার্থী রয়েছেন নির্বাচনের ময়দানে। গত শনিবার দল এই অতিরিক্ত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার নির্দেশ দিলেও ওই সব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করে নির্বাচনের ময়দানে রয়ে গেছেন। প্রয়োজনে তাঁরা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা যাচ্ছে।

এবার পশ্চিমবঙ্গের ত্রিস্তর পর্যায়ের গ্রাম পঞ্চায়েতের (স্থানীয় সরকার) ৪৮ হাজার ৬৫০টি আসন, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ২১৭টি আসন এবং জেলা পরিষদের ৮২৫টি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের পর দেখা যায় শাসক দল তৃণমূল কংগ্রেস জেলা পরিষদের ২০৩টি আসন, পঞ্চায়েত সমিতির ৩ হাজার ৫৯টি আসন এবং গ্রাম পঞ্চায়েতের ১৬ হাজার ৮১৪টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করে নিয়েছে। শতাংশের হিসাবে তা ৩২.২ শতাংশ।
পাশাপাশি এ-ও দেখা গেছে, ত্রিস্তর পঞ্চায়েতে দলের প্রার্থীদের সঙ্গে আরও দলেরই ৪ হাজার ৩০২ জন প্রার্থী নির্বাচনী ময়দানে রয়েছেন। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৩ হাজার ২৯৫ জন, পঞ্চায়েত সমিতিতে ৯৬৬ জন এবং জেলা পরিষদে ৪১ জন প্রার্থী রয়েছেন। ফলে এই প্রার্থীদের নিয়ে তৃণমূলে বেড়েছে অস্বস্তি। যদিও ইতিমধ্যে বিজেপি ঘোষণা দিয়েছে তৃণমূলের যাঁরা দলীয় প্রতীক পাবেন না তাঁদের বিজেপি দলীয় প্রতীক দিয়ে লড়াইয়ের মাঠে রাখবেন।
গত বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে এক দফায়। আর তা হবে ১৪ মে। ভোট গণনা হবে ১৭ মে। রমজান শুরু হওয়ার আগে এই নির্বাচন সম্পন্ন করার জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করে।
রাজ্য নির্বাচন কমিশন গত ৩১ মার্চ প্রথম নির্বাচন তফসিল ঘোষণাকালীন এই নির্বাচন ১, ৩ ও ৫ মে অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছিল। এরপর মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে শাসকদলের বাধা দান, বিরোধী দলের প্রার্থীদের মারপিট, ভীতি প্রদর্শন, মনোনয়নপত্র জমার কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া, তাণ্ডব, হামলা ইত্যাদির কারণে কলকাতা হাইকোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্টে বিরোধী দলের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে স্থগিত হয়ে যায় নির্বাচনী কার্যক্রম। পরে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে মামলার শুনানির পর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক দিন বাড়িয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয় ২৩ এপ্রিল ।