পঞ্চায়েতের ৩২ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল
তৃণমূল কংগ্রেস আগেই ঘোষণা দিয়েছিল, এবারের পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে বিরোধীশূন্য করা হবে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অন্যান্য নেতা ও মন্ত্রীরাও ঘোষণা দিয়েছিলেন, পঞ্চায়েতের শতভাগ আসনে জিতবেন তাঁরা। তবে নির্বাচন অনুষ্ঠানের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মমতার তৃণমূল কংগ্রেস ৩২ দশমিক ২ শতাংশ আসনে জিতে গেছে।
গত শনিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়নপত্র জমা, পরীক্ষা ও প্রত্যাহারের পর দেখা গেছে, বিপুলসংখ্যক আসনে জয় পেয়েছে তৃণমূল।
এবার রাজ্যের গ্রাম পঞ্চায়েতের ৪৮ হাজার ৬৫০টি আসন, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ২১৭টি আসন এবং জেলা পরিষদের ৮২৫টি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের পর দেখা যায়, শাসক দল তৃণমূল কংগ্রেস জেলা পরিষদের ২০৩টি আসন, পঞ্চায়েত সমিতির ৩ হাজার ৫৯টি আসন এবং গ্রাম পঞ্চায়েতের ১৬ হাজার ৮১৪টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করে নিয়েছে।
গত শুক্রবার কলকাতা হাইকোর্টে এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের তিনটি মামলা হয়েছে। প্রথম মামলা দুটি বিচারপতি সুব্রত তালুকদারের একক বেঞ্চে দায়ের করেছে বাম দল ও পিডিএস। দুই দলের অভিযোগ, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন বিরোধী দলের সঙ্গে বৈঠক না করেই একতরফা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আগামী ১৪ মে। অথচ নির্বাচন হওয়ার কথা ছিল তিন পর্যায়ে। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের ভোটারদের নিরাপত্তা নিয়ে কোনো কথা বলেননি নির্বাচন কমিশনার বিরোধী দলের সঙ্গে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে রাজ্য নির্বাচন কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে এক দফায়। আর তা হবে ১৪ মে। ভোট গণনা হবে ১৭ মে। রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন মুসলিম সংগঠন চাইছিল রমজানের আগে নির্বাচন পর্ব সেরে নিতে। সেই লক্ষ্যে রাজ্য সরকারের নির্দেশে রাজ্য নির্বাচন কমিশন আগামী ১৪ মে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে।