পড়ন্ত বেলায় একটু আয়েশ

‘আমার চিন্তা ভাবনা অন্যরকম। আমি নিজের জন্য পুরোপুরি স্বাধীনতা চাই এবং আমার সন্তানদেরও পুরোপুরি স্বাধীনতা দিতে চাই।’
বলছিলেন ৬৯ বছরের উষা মানত্রি। কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর পরিবারকে ছেড়ে স্বেচ্ছায় চলে এসেছেন মহারাষ্ট্র রাজ্যের রায়গাদ জেলার নেরাল শহরে গড়ে তোলা ডিগনিটি লাইফস্টাইল রিটায়ারমেন্ট টাউনশিপে। থাকছেন স্টুডিও অ্যাপার্টমেন্টে। মুম্বাই থেকে সড়ক পথে দুই ঘণ্টার দূরত্বে পাহাড় ঘেরা এ শহরতলি।
ডিগনিটি কমপ্লেক্সে উষার আসার কথা শুনে শুরুতে অনেকে নাক সিঁটকেছিলেন। অথচ আজ তিনি কর্মজীবন থেকে অবসরে যাওয়া মানুষের অগ্রদূত। বেশির ভাগ বয়োজ্যেষ্ঠ নাগরিকের ইচ্ছা যেখানে শেষ জীবনটা পরিবার-পরিজনের কাছে কাটানো, সেখানে দূরে অবসরকালীন বাড়িতে যাওয়া মানুষের সংখ্যাও নেহাত কম নয়। নয় বছর আগে ডিগনিটি কমপ্লেক্সে আসা প্রথম বাসিন্দা উষার সঙ্গী এখন ৬০ জন।

কমপ্লেক্সের আরেক বাসিন্দা ৮২ বছরের হেমলতা পারেখ। ছিলেন শিক্ষিকা। তিনি বলেন, ‘আমার মনে হয় ধীরে ধীরে মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে।’ কোনো সন্তান না থাকলেও মুম্বাইয়ে রয়েছে তাঁর ভাইবোন। তাঁদের বুঝিয়ে নতুন এই শহরে আসাটা তাঁর জন্য ছিল খুব কঠিন।
এখানে রয়েছে বিশাল বড় হলঘর, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা এবং একজন চিকিৎসক। যাদের স্মৃতিভ্রংশ রোগ রয়েছে, তাদের জন্য রয়েছে বিশেষ যত্নের ব্যবস্থা। অবসরজীবনের এই মানুষদের মাসে একবার নিয়ে যাওয়া হয় কেনাকাটায়। করা হয় বনভোজনের আয়োজন। বাস্তবে এটা নির্ঝঞ্ঝাট এক অবসরজীবন বলে মন্তব্য করেন পারেখ।
হেল্প এজ ইন্ডিয়া নামের একটি বেসরকারি দাতব্য সংস্থার তথ্যমতে, ভারতে বর্তমানে ১০ কোটি মানুষের বয়স ৬০ বছরের বেশি। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা ৩০ কোটিতে পৌঁছাবে। যা হবে মোট জনসংখ্যার ২০ শতাংশ।

রিয়েল এস্টেট কোম্পানি জনস লাং লাসেলে ইন্ডিয়ার একজন স্ট্র্যাটেজিক পরামর্শক মনীশ কুমার। তিনি বলেন, বর্তমানে বছরে এ ধরনের প্রকল্পের প্রাক্কলিত চাহিদা ৩১ হাজার ২০০ ইউনিট। নতুন করে মাত্র ১০ থেকে ১৫ হাজার ইউনিট তৈরির পরিকল্পনা রয়েছে। মনীশ বলেন, দেরিতে হলেও এখন অনেক নামীদামি রিয়েল এস্টেট কোম্পানি এ খাতে বিনিয়োগ করছে।
শহরতলিতে এসব বয়স্ক মানুষ চাইলে জায়গা কিনে নেবেন বা ডিগনিটির মতো অবসরজীবন কাটানোর এই আবাসিক বাড়িগুলোতে এককালীন অর্থ জমা ও মাসিক খরচ দিয়ে থাকতে পারবেন। ডিগনিটিতে থাকতে গেলে জমা দিতে হবে ৩৫ লাখ রুপি। তবে কোনো বাসিন্দা কমপ্লেক্স ছেড়ে গেলে বা মারা গেলে তাঁর উত্তরাধিকারকে জমা দেওয়া অর্থের ৭৫ শতাংশ ফেরত দেওয়া হয়। খাবারের জন্য মাসিক খরচা দিতে হবে ১০ হাজার রুপি।

ডিগনিটি লাইফস্টাইলের ট্রাস্টি বোর্ডের সদস্য গোপাল শ্রীনিবাসন বলেন, একজন ধনী ব্যক্তিও যদি তাঁর বাবা-মাকে এখানে পাঠান, তাহলে তা নিন্দার চোখে দেখা হয়। খুব ধনী কোনো ব্যক্তি তাঁর বাবা-মায়ের জন্য বাড়িতে ২৪ ঘণ্টা নার্স রাখবেন, চিকিৎসক রাখবেন, কিন্তু তাঁদের বয়স্ক নাগরিকদের থাকার জন্য নির্মিত বাড়িতে পাঠাবে না। আবার অনেকের পক্ষে বাড়িতে এ ধরনের সেবা দেওয়াও সম্ভব হয় না।
সরকারের পরিচালিত বৃদ্ধাশ্রমগুলোর কথা উল্লেখ করে শ্রীনিবাসন বলেন, সন্তানদের কাছে প্রচণ্ড নির্যাতনের শিকার হয়ে যখন বাবা-মা এখানে আসেন, তখন এগুলোর অবস্থা হয় ভয়ানক।

হেলপ এজ ইন্ডিয়ার মুম্বাই শাখার পরিচালক প্রকাশ বোরগানকার বলেন, ভারতের বয়স্ক ব্যক্তিদের ৯০ শতাংশই ক্ষুদ্র ব্যবসা বা পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত। সেখানে তাঁদের জন্য থাকে না কোনো অবসরকালীন ভাতার ব্যবস্থা।
দারিদ্র্যসীমার নিচে বাস করা বয়স্ক নাগরিকদের সরকারের পক্ষ থেকে নিয়মিত সামাজিক নিরাপত্তা ভাতা দেওয়া হয়। কিন্তু ভাতা পাওয়ার যোগ্য মানুষের সংখ্যা খুব কম হলেও তাঁদের কাছে এ অর্থ পৌঁছায় না ঠিকমতো।
জনমিতির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বয়স্ক ব্যক্তিদের সমর্থনে সরকারের নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়ে প্রকাশ বলেন, সমাজ খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে। এতে বয়স্ক ব্যক্তিরা একা হয়ে পড়ছেন, অবহেলিত হচ্ছেন। তিনি প্রশ্ন রাখেন, আমরা কি আসলে এ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? সময় এসেছে বিষয়টি নিয়ে ভাবার। এএফপি অবলম্বনে