দিল্লি বিধানসভা নির্বাচন থেকে বিজেপির শিক্ষা না নেওয়ার ফলই পাওয়া গেছে বিহারের বিধানসভা নির্বাচনে। এ মন্তব্য ভারতের ক্ষমতাসীন দল বিজেপির চার জ্যেষ্ঠ নেতার। গতকাল মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে এ কথা বলার পাশাপাশি বিহারের নির্বাচনে বিজেপির অবস্থানের কঠোর সমালোচনা করেন তাঁরা। খবর এনডিটিভির।
বিবৃতিদাতা ওই নেতারা হলেন সাবেক উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদভানি, দলের সাবেক সভাপতি ও মানবসম্পদমন্ত্রী মুরলি মনোহর যোশি, সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী যশোবন্ত সিনহা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শান্ত কুমার।
বিবৃতিতে বলা হয়, বিহার বিধানসভার নির্বাচনে বিজেপির ব্যর্থতা দেখিয়ে দিচ্ছে, দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজয় থেকে দলটি কোনো শিক্ষা গ্রহণ করেনি। বলতে হবে, বিহারের পরাজয়ের জন্য সবাই দায়ী। সবাইকে জবাবদিহির আওতায় আনা নিশ্চিত করতে এ কথা বলতে হবে।
চার জ্যেষ্ঠ নেতা আরও বলেন, বিহারের নির্বাচন দেখিয়েছে, যাঁদের প্রয়োজনীয় দক্ষতা আছে, তাঁদের দায়িত্ব না দেওয়ার কারণেই চরম ব্যর্থতা এসেছে। এই পরাজয়ের অন্যতম কারণ গত বছর বিজেপিকে দুর্বল করে ফেলা। এখন পরাজয়ের কারণগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার মাধ্যমে খুঁজে বের করতে হবে।
গত রোববার ঘোষিত বিহার বিধানসভার নির্বাচনের ফলাফলে ২৪৩ আসনের বিধানসভায় নীতিশ-লালুর মহাজোট পেয়েছে ১৭৮টি আসন। বিজেপি জোট পেয়েছে ৫৮টি। আগের বিধানসভা নির্বাচনে বিজেপি জোট পেয়েছিল ৯৪টি আসন।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে মাত্র তিনটি আসন পায় বিজেপি। অথচ ঠিক আগের নির্বাচনেও দলটির আসন ছিল ৩২টি।
এদিকে বিহারের বিজয়ী মহাজোটের মন্ত্রিসভা আগামী ২০ নভেম্বর শপথ নিতে পারে বলে জানা গেছে। হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়েছে, নতুন মন্ত্রিসভা হচ্ছে ৩৬ সদস্যের। মহাজোটের তিন দলের প্রাপ্ত আসনের ভিত্তিতে মন্ত্রিসভায় তাদের প্রতিনিধিত্ব থাকছে। আরজেডি থেকে ১৬ জন, জেডি (সংযুক্ত) থেকে ১৪ বা ১৫ জন এবং কংগ্রেস থেকে পাঁচজন মন্ত্রিসভায় স্থান পাবেন।
অনেকের ধারণা, নিজের দলের জন্য সড়ক, স্বাস্থ্য, বিদ্যুৎ ও শিক্ষা খাতের মতো দপ্তর ধরে রাখতে মুখ্যমন্ত্রী নিতীশ শরিক দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা করবেন। নির্বাচনী প্রচারণায় নিতীশের সাত দফা উন্নয়ন এজেন্ডায় এই খাতগুলো শক্তিশালী করার প্রতিশ্রুতি ছিল।
জেডির (সংযুক্ত) এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, মন্ত্রিসভা গঠনে কোনো কোন্দলের আশঙ্কা নেই। সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব তাঁর দুই ছেলের কারও জন্য একটি পদ চাইতে পারেন। তাঁরা এবারই প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছেন। তেজপ্রতাপ (২৭) ও তেজস্বী (২৬) দুজনই বলেছেন, তাঁরা নীতিশ কুমার সরকারের মন্ত্রী হতে প্রস্তুত। এ ক্ষেত্রে একজনকে উপ-মুখ্যমন্ত্রীর পদে দেখা যেতে পারে। তবে কোন দল থেকে বিধানসভার স্পিকার হবেন, তা এখনো স্পষ্ট নয়।