পদত্যাগ করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী
গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল ইস্তফা দিয়েছেন। ন্যায়বিচারের দাবিতে রাজ্যজুড়ে দলিত আন্দোলন এবং সংরক্ষণের দাবিতে পাটিদারদের আন্দোলন মোকাবিলায় ব্যর্থ হওয়ায় দলীয় নেতৃত্বের নির্দেশে এ সিদ্ধান্ত নেন তিনি।
আনন্দিবেন আজ সোমবার বিকেলে প্রথমে ফেসবুক ও পরে দূরদর্শনে ভাষণের মধ্য দিয়ে তাঁর এই সিদ্ধান্তের কথা জানান। বিজেপির দলীয় সূত্রের খবর, তাঁর ইস্তফা গৃহীত হবে। দলের সভাপতি অমিত শাহ বলেছেন, দলের সংসদীয় বোর্ডের কাছে ইস্তফাপত্র পেশ করা হবে। বোর্ডই সিদ্ধান্ত নেবে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসছে নীতিনভাই প্যাটেলের নাম।
আনন্দিবেন নিজে অবশ্য জানিয়েছেন, নভেম্বর মাসে তাঁর বয়স ৭৫ পূর্ণ হবে। দলের সিদ্ধান্ত, ৭৫ বছর বয়সী কাউকে কোনো পদে রাখা হবে না। পরের বছর গুজরাট বিধানসভার ভোট। জানুয়ারিতে প্রতিবছর ‘ভাইব্রান্ট গুজরাট’ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান ও রাজ্য বিধানসভার নির্বাচনের আগে নতুন মুখ্যমন্ত্রীকে পর্যাপ্ত সময় দিতেই তিনি দুই মাস আগেই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছেন।
আনন্দিবেনকে মুখ্যমন্ত্রী করা হয় ২০১৪ সালে, যখন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়ে দিল্লি চলে আসেন। দুই বছরের শাসনকালে তিনি পাটিদারদের আন্দোলন দমাতে ব্যর্থ। সম্প্রতি রাজ্যের উনায় দলিতদের ওপর গো-রক্ষকদের অত্যাচারের ঘটনাতেও তিনি সমালোচিত। দলিতরা মৃত গরুর চামড়া ছাড়ানোর কাজ করতে অস্বীকার করে আন্দোলনে নেমেছেন। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে দলিত সমাজ আমেদাবাদ থেকে উনা পর্যন্ত পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছে। সংরক্ষণের দাবিতে পাটিদার সমাজ এবং ন্যায়বিচারের দাবিতে দলিতদের ক্ষোভ প্রশমনে জেরবার বিজেপি নেতৃত্ব আনন্দিবেনকে সরিয়ে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করল।
বিহার নির্বাচনে ভরাডুবির পর বিজেপি মহলের চর্চা ছিল, আসামেও ব্যর্থ হলে দলীয় সভাপতি অমিত শাহকে গুজরাটের মুখ্যমন্ত্রী করে পাঠানো হবে। আসাম-জয়ের পর সেই জল্পনা এখন আর নেই। অমিত শাহর ওপর আগামী বছরের উত্তর প্রদেশ, গুজরাট, পাঞ্জাব, উত্তরাঞ্চল বিধানসভায় জেতার গুরুদায়িত্ব। বিজেপি মনে করছে, রাজ্যে বিজেপির এই মুহূর্তে যা হাল, তাতে একজন দক্ষ প্রশাসককে সেই দায়িত্ব দেওয়া দরকার। আনন্দিবেনকে সরিয়ে পাটিদার ও দলিতদের ক্ষোভ প্রশমিত করে বিজেপি সেই সুযোগ নিতে চাইছে।