পদ্মরাজন হেরেই খুশি

হারেই তাঁর যত সুখ। হেরেই গড়তে চান রেকর্ড।
ভারতে রাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি হতে না হতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন কে পদ্মরাজন। কোনো আশা নেই—ভালো করেই জানেন। জেনেশুনেই হারের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, অদ্ভুত স্বভাবের এই ব্যক্তির বাড়ি তামিলনাড়ুতে। তিনি নিজের নামের আগে ‘ডা.’ লেখেন। তবে উপাধিটি স্বঘোষিত।
পদ্মরাজনের ভাষ্য, এ পর্যন্ত ১৮০ বারের মতো ভোটে দাঁড়িয়েছেন। যথারীতি প্রতিবার হেরেছেন। আর এই হার দিয়েই বিখ্যাত হতে চান তিনি। গড়তে চান বিশ্বরেকর্ড।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রণব মুখার্জি ও এ পি জে আবদুল কালামের মতো ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন পদ্মরাজন। তবে তা খারিজ হয়েছে। তিনি লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি এবং রাজ্যসভা নির্বাচনে মনমোহন সিংয়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। জয়ললিতার বিরুদ্ধে বহুবার লড়েছেন। এসব ক্ষেত্রে কখনো তাঁর মনোনয়ন খারিজ কিংবা জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচন মনোনয়নপত্র জমাদানের বিষয়ে পদ্মরাজন বলেন, ‘জানি, এবারও জিতব না। ত্রিশ বছর ধরে লড়ছি, শুধুই হারার জন্য।’
ভোটে ব্যর্থতার জন্য পদ্মরাজনের নাম তিন তিনবার লিমকা বুকস অফ রেকর্ডে উঠেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তোলা তাঁর এখনকার লক্ষ্য।