পরমাণু নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে মোদি
পরমাণু নিরাপত্তা-সংক্রান্ত সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বৃহস্পতিবার বেলজিয়াম থেকে যুক্তরাষ্ট্রে গেছেন। দুই দিনের এ সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের নেতারা পরমাণু অস্ত্রের হুমকি নিয়ে তাঁদের পর্যবেক্ষণ তুলে ধরবেন।
এ সফরে নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে মোদি পরমাণু অস্ত্র নিয়ে ভারতের পরিকল্পনা তুলে ধরবেন।
২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি এবার নিয়ে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর।
পরমাণু নিরাপত্তা সম্মেলনের প্রাক্কালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গত বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক করেন। সে বৈঠকে কেরি বলেন, পরমাণু অস্ত্র ও সামগ্রীর ক্ষমতাসম্পন্ন দায়িত্বশীল দেশ হিসেবে ভারতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার খবরে বলা হয়, এর আগে মোদি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফর করেন। শহরটিতে সম্প্রতি ভয়াবহ আত্মঘাতী সন্ত্রাসী হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়। হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে রাঘবেন্দ্রন গণেশন নামে এক ভারতীয় ছিলেন।
ত্রয়োদশ ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাসেলস যান মোদি। বুধবারে এ সম্মেলনে যোগ দিয়ে তিনি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ইইউ নেতাদের সঙ্গে ‘খুব ইতিবাচক এবং আন্তরিক’ আলোচনা হয়েছে। সম্মেলনে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, আফগানিস্তানের সংকট থেকে উত্তরণ এবং বাণিজ্য নিয়ে আলোচনা হয়।