পররাষ্ট্রনীতি নিয়ে সংসদে পাল্টা আক্রমণ রাহুলকে

মোদি সরকারের পররাষ্ট্রনীতি চূড়ান্ত ব্যর্থ বলায় পাল্টা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা। যুক্তরাষ্ট্রও বলেছে, রাহুলের মন্তব্য তারা সমর্থন করে না।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল গান্ধী
ছবি: এএফপি

পররাষ্ট্রনীতিতে নরেন্দ্র মোদির সরকারকে চূড়ান্ত ব্যর্থ বলার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নানা দিক থেকে সমালোচিত হতে হচ্ছে। দেশে তো বটেই, খোদ যুক্তরাষ্ট্রও মন্তব্য করেছে, পররাষ্ট্রনীতি বিষয়ে সমালোচনা করতে গিয়ে চীন ও পাকিস্তান সম্পর্কে রাহুল যা বলেছেন, তা তারা সমর্থন বা অনুমোদন করে না।

বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবে বলতে গিয়ে গত বুধবার লোকসভায় মোদি সরকারের ‘ব্যর্থতা’ প্রসঙ্গে রাহুল পররাষ্ট্রনীতির উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, ভারতের ভুল নীতির কারণে চীন ও পাকিস্তান এখন জোটবদ্ধ হয়ে গেছে। আগে ভারত এই দুই রাষ্ট্রের সঙ্গে ভিন্ন ভিন্ন সীমান্তে ব্যস্ত থাকত। এখন সেই দুই সীমান্ত একাকার হয়ে গেছে। রাহুল আরও বলেছিলেন, ভুল নীতির জন্য ভারত সম্পর্কে চীন তার লক্ষ্য নির্দিষ্ট করে ফেলেছে। ভারতও ক্রমেই নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। প্রজাতন্ত্র দিবসে বিদেশি রাষ্ট্রনেতাকে বিশেষ অতিথি হিসেবে তাই আনতে ব্যর্থ।

গতকাল বৃহস্পতিবার রাহুলের এই মন্তব্যের জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। এ-সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘চীন ও পাকিস্তান নিয়ে রাহুলের মন্তব্য আমি সমর্থন করি না। তবে নিজেদের সম্পর্ক নিয়ে পাকিস্তান ও চীন কী বলবে, তা ওদের ওপরই ছেড়ে দিচ্ছি।’

নেড প্রাইসের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য সার্বভৌম রাষ্ট্রের সম্পর্ক প্রসঙ্গে বলেন, পাকিস্তান হলো যুক্তরাষ্ট্রের কৌশলগত সহযোগী। তিনি বলেন, ‘আমরা বারবারই বলে আসছি যে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কোনো একজনকে বেছে নেওয়ার বাধ্যবাধকতা কারও নেই। এটা প্রত্যেকের নিজস্ব পছন্দ। তবে আমরা সব সময় বোঝানোর চেষ্টা করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন অন্যদের চেয়ে কতটা আলাদা।’

বুধবার সন্ধ্যায় লোকসভায় রাহুল যখন মোদি সরকারের সমালোচনা করছিলেন, তখন পররাষ্ট্রনীতি নিয়ে শাসক দলের কেউ কোনো মন্তব্য করেননি। বস্তুত প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীরা কেউই সভায় উপস্থিত ছিলেন না। পরে রাতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একাধিক টুইটে বলেন, রাহুলের ইতিহাস পড়া দরকার। ১৯৬৩ সালে পাকিস্তান অবৈধভাবে চীনকে সাকসগাম উপত্যকা দিয়ে দেয়।

১৯৭০ সালে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চীন কারাকোরম হাইওয়ে তৈরি করে। তখন থেকেই দুই দেশের মধ্যে পরমাণু-সংক্রান্ত বোঝাপড়া বিদ্যমান। ২০১৩ সালে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর শুরু। তা হলে দুই দেশের দূরত্বটা কোথায় ছিল? প্রজাতন্ত্র দিবসে বিদেশি অতিথি না পাওয়া প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, কোভিডের জন্য নানান বিধিনিষেধ চলছে। যদিও সবার জানা, মধ্য এশিয়ার পাঁচ রাষ্ট্রনায়কের এবার অতিথি হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে তাঁরা সবাই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেছেন। জয়শঙ্কর এই কথা বললেও ঘটনা হলো, এবার প্রজাতন্ত্র দিবসে কারা বিশেষ অতিথি হতে চলেছেন, সরকারের পক্ষে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাই করা হয়নি।

রাহুলের মন্তব্যের বিরোধিতা করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংও। তিনি বলেছেন, রাহুল যা বলেছেন, তা পুরোপুরি সত্য নয়। পাকিস্তান ও চীন ষাটের দশক থেকেই একে অন্যের কাছাকাছি চলে এসেছে। একই কথা বলেছেন সাবেক কূটনীতিক কানোয়াল সিব্বাল। তিনি বলেন, ১৯৬২ সালের যুদ্ধ চীন ও পাকিস্তানকে কাছাকাছি চলে আসার সুযোগ করে দেয়। পরমাণু ক্ষেত্রে তার প্রতিফলন দেখা গেছে। এসব হয়েছে বিজেপি ক্ষমতায় আসার বহু আগেই।

রাহুল তাঁর ভাষণে মোদির সমালোচনা করে যুক্তরাষ্ট্রীয় কাঠামো দুর্বল করার অভিযোগও এনেছিলেন। লোকসভায় বিজেপির সদস্য নিশিকান্ত দুবে সে জন্য গতকাল রাহুলের বিরুদ্ধে অধিকারভঙ্গের অভিযোগ এনে এক নোটিশ দাখিল করেছেন। তাতে তিনি বলেছেন, রাজ্যগুলোকে রাহুল কেন্দ্রের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন। নাশকতার জন্য প্ররোচনা দিচ্ছেন।