পররাষ্ট্রমন্ত্রী সুষমার পদত্যাগ দাবি কংগ্রেসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইপিএল) আর্থিক অনিয়মের অভিযোগ থাকা ললিত মোদিকে ভ্রমণের দলিলপত্র দিতে যুক্তরাজ্যকে সুপারিশ করায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। এর পরিপ্রেক্ষিতে সুষমা স্বরাজ গতকাল রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে তাঁর অবস্থান ব্যাখ্যা করেছেন। খবর এনডিটিভির।
আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদি এখন লন্ডনে অবস্থান করছেন। গত বছর জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতে দেশ ছাড়েন তিনি। কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা পররাষ্ট্রমন্ত্রী সুষমার পদত্যাগ দাবি করে বলেছেন, আর্থিক অনিয়মের কারণে তদন্ত চলছে—এমন ব্যক্তির পক্ষে সুপারিশ করে মন্ত্রী নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। নৈতিকভাবে এবং সাংবিধানিকভাবে তাঁর আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কোনো অধিকার নেই।
আর্থিক অনিয়মের অভিযোগে ওঠায় ললিত মোদির পাসপোর্ট ২০১০ সালে জব্দ করা হয়। মাত্র গত বছর আগস্টে দিল্লি হাইকোর্টের আদেশে পাসপোর্ট ফিরে পান তিনি।
সুষমা গতকাল প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। পরে টুইট করে সুষমা জানান, গত বছরের জুলাইয়ের কোনো এক সময় ললিত মোদি তাঁকে জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে যেতে হবে। পর্তুগালের একটি হাসপাতালে ৪ আগস্ট তাঁর স্ত্রীর অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি (ললিত মোদি) লন্ডনে যাওয়ার জন্য ভ্রমণসংক্রান্ত সব কাগজ জমা দিয়েছেন। ব্রিটিশ সরকারও তাঁকে ভ্রমণের জন্য প্রয়োজনীয় অনুমোদন দিতে প্রস্তুত। সুষমা জানান, শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে ললিত মোদির অনুরোধের বিষয়টি তিনি ব্রিটিশ দূতকে জানিয়েছিলেন।