পরলোকে শ্রীদেবী, ময়নাতদন্তে ভারতীয় সংবাদমাধ্যম!

রোববার ভোর। ঘুম থেকে উঠেই উপমহাদেশের সিনেমাপ্রিয় মানুষ শুনেছেন দুঃসংবাদ। প্রিয় নায়িকার মৃত্যুসংবাদে হতবুদ্ধি হয়ে যান অনেকে। তাৎক্ষণিক খবর পেতে হাতে তুলে নেন টিভির রিমোট বা স্মার্টফোন। কিন্তু এসব সংবাদমাধ্যম আসলে কী দিয়েছে পাঠকদের? প্রিয় নায়িকার প্রতি শেষ শ্রদ্ধা? নাকি সাংবাদিকতার নীতি ভুলে অনুমাননির্ভর আগাম ময়নাতদন্ত? এ ঘটনায় ভারতীয় সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে এখন উঠছে প্রশ্ন, চলছে সমালোচনাও।
গত শনিবার রাতে দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ার হোটেলে মারা যান শ্রীদেবী। পরিবার সূত্রে জানা গেছে, বাথরুমে পাওয়া যায় অচেতন শ্রীদেবীকে। পরে ওই রাতেই হোটেল থেকে এ অভিনেত্রীকে নেওয়া হয় রশিদ হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা জানান, অনেকক্ষণ আগেই শ্রীদেবীর মৃত্যু হয়েছে।
এরপরই ছড়িয়ে পড়ে একটি প্রশ্ন। শ্রীদেবী মারা গেছেন কীভাবে? মৃত্যু কি স্বাভাবিক? নাকি হত্যা? বিশ্লেষকেরা বলছেন, এ বিষয়টি নিয়ে বিভ্রান্তি ও গসিপ ছড়ানোর ক্ষেত্রে ভারতীয় সংবাদমাধ্যম আরও বেশি ভূমিকা রেখেছে। অসমর্থিত সূত্রে পাওয়া তথ্য ফলাও করে প্রচার করেছে। আবার সেই অসমর্থিত সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে কম্পিউটারে আঁকিবুঁকি করে তৈরি করা হয়েছে হোটেলের কল্পিত বাথরুম। শ্রীদেবীর ছবি কেটে বসানো হয়েছে সেখানে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এসেছে আরও অনেক তথ্য। আর তার ধারাবাহিকতায় বদলে গেছে কম্পিউটার গ্রাফিকসও। এত কিছুতে শ্রীদেবী কি প্রাপ্য সম্মানটি পেলেন?

দ্য ওয়াশিংটন পোস্টে এ নিয়ে একটি নিবন্ধ লিখেছেন সাংবাদিক বরখা দত্ত। তিনি লিখেছেন, ‘একজন ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে আমি সত্যিই খুব লজ্জিত। আমাদের গণমাধ্যম শ্রীদেবীর মৃত্যুকে নিয়ে যে ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে, তা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ। কোনো কোনো টিভি চ্যানেলে কম্পিউটার গ্রাফিকসের মাধ্যমে শ্রীদেবীকে বাথটাবে শোয়ানো দেখানো হয়েছে। কোথাও আবার বাথটাবের পাশে দেখা গেছে গ্লাসভর্তি মদ। একটি চ্যানেল তো বলেই দিল, বাথরুমে কাটানো শ্রীদেবীর ১৫ মিনিটের বিস্তারিত নাকি জানাবে তারা। একটি টক শোতে একজন বললেন, মদ খেয়েই নাকি তাঁর মৃত্যু হয়েছে। অথচ কোনো বিশ্বাসযোগ্য সূত্র নেই, কোনো স্পষ্টতা নেই।’
বরেণ্য অভিনেত্রী শ্রীদেবী ১২৬ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তবে চলচ্চিত্রের সংখ্যা দিয়ে বলিউডে তাঁর অবদান বিচার করা যাবে না। এ অভিনেত্রী একসময় অমিতাভ বচ্চনের প্রায় সমান পারিশ্রমিক নিতেন। শ্রীদেবীর বদৌলতে বলিউডের মূল ধারায় নায়িকাপ্রধান চলচ্চিত্র নির্মাণ শুরু হয়েছিল। বিশ্লেষকেরা বলছেন, এমন একজন আইকন শিল্পীকে ভারতীয় সংবাদমাধ্যমের আরেকটু সম্মান দেওয়া উচিত ছিল।

শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় আনুষ্ঠানিক বা বিশ্বাসযোগ্য সূত্রে তথ্য পাওয়া গেছে কম। তাঁকে খুন করা হয়েছে—এমন দাবি করেনি অভিনেত্রীর পরিবার বা সহকর্মীদের কেউই। কিন্তু সংবাদমাধ্যম সেটি এমনভাবে প্রচার করতে শুরু করল, যেন তিনি খুনই হয়েছেন! যদি এ ব্যাপারে দুবাই পুলিশের বক্তব্য থাকত বা কারও দাবি থাকত—তবে অবশ্যই তা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু মৃতের পরিবারের কথা না ভেবে এভাবে খবর পরিবেশন করা যায় কি না, তা নিয়েই প্রশ্ন তুলছেন বিশ্লেষকেরা।
স্ক্রল ডট ইনের একটি বিশ্লেষণে বলা হয়েছে, ‘একজন সুপারস্টার, একটি অপ্রত্যাশিত মৃত্যু, একটি বাথটাব ও অ্যালকোহলের সম্ভাব্য উপস্থিতি—এ বিষয়গুলো টিভি চ্যানেলগুলোর জন্য যথেষ্ট ছিল। তারা ভুলে গিয়েছিল যে এটি একটি সত্যিকারের মৃত্যুর ঘটনা, মৃত ব্যক্তির একটি পরিবার আছে এবং তাঁরাও মানুষ।’

স্ক্রল ডট ইনের বিশ্লেষণে কিছু চ্যানেলের প্রতিবেদনের খোলাখুলি সমালোচনা করা হয়েছে। উল্লেখ করা হয়েছে আজতক, তেলেগু চ্যানেল মাহা নিউজ, টাইমস নাও, রিপাবলিক, সিএনএন নিউজএইটিন প্রভৃতি চ্যানেলের কথা। মাহা নিউজে তো শ্রীদেবী পরলোকের ‘রহস্য’ দর্শকদের বোঝানোর জন্য একজন প্রতিবেদক সশরীরে শুয়েই পড়লেন বাথটাবে! শুয়ে শুয়েই ‘তত্ত্ব’ দিলেন তিনি। তবে প্রশংসিত হয়েছে মিরর নাও ও এনডিটিভি চ্যানেলের খবর। কারণ এই দুটি চ্যানেল শ্রীদেবীর মৃত্যুর কারণ নিয়ে অতিরঞ্জন করেনি।
এদিকে মঙ্গলবার দুবাই সরকারের তথ্যকেন্দ্রের অফিশিয়াল টুইটার পেজে জানানো হয়েছে, ‘শ্রীদেবী মৃত্যু মামলার তদন্ত শেষ। এ মামলা বন্ধ হওয়ার পর দুবাইয়ের রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারতীয় অভিনেত্রী শ্রীদেবীর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।’ আরেক টুইটে জানা গেছে, ‘শ্রীদেবীর মৃত্যু নিয়ে এখন আর কোনো রহস্য নেই। তদন্তে প্রমাণিত হয়েছে, অচেতন অবস্থায় বাথটাবে পড়ে গিয়ে এ অভিনেত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে।’

ফার্স্টপোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, যখন আনুষ্ঠানিক ফরেনসিক প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে ‘দুর্ঘটনাবশত ডুবে যাওয়া’র কথা বলা হয়, তখন থেকে শুরু হয় অন্য কৌশল। এখন বলা হচ্ছে মদ খাওয়া, চেহারার সৌন্দর্য ধরে রাখার জন্য অস্ত্রোপচার, অভিনেত্রীর হতাশার গল্প। এর সঙ্গে মেশানো হচ্ছে শ্রীদেবীর আগেকার নানা প্রেমের মুখরোচক মসলা। যে শ্রীদেবী রুপালি পর্দায় দোর্দণ্ড প্রতাপে খলনায়কদের পরাস্ত করেছেন, মৃত্যুর পর তাঁরই পিঠে ছুরি মারল গণমাধ্যম। কিন্তু আত্মপক্ষসমর্থনের কোনো সুযোগ পেলেন না তিনি।
দ্য ওয়াশিংটন পোস্টে লেখা নিবন্ধে বারখা দত্ত লিখেছেন, শ্রীদেবীর মৃত্যু নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের ভূমিকায় সংবাদের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘আমরা প্রায়ই বলি, টেলিভিশন চ্যানেলগুলো শুধু টিআরপির পেছনে ছোটে। কিন্তু এর জন্য দর্শকেরাও দায়ী। কারণ তাঁরাও এসব খোঁজেন। তাই দুঃখজনকভাবে আমরা যেমনটা চাই, তেমন সংবাদই পাই।’