পরাজয়ের বিষাদ বিয়েতেও
ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (এএপি) কাছে কেন্দ্রের ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) করুণ পরাজয়ের ছাপ লক্ষ্য করা গেছে আহমেদাবাদে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বিয়েতে।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার আহমেদাবাদে বিজেপির সভাপতি অমিত শাহর ছেলে জয় শাহর বিয়ের অনুষ্ঠান হয়। বিয়েতে অংশ নেওয়া অতিথিদের ভাষ্য, বেশ সাদামাটাভাবেই ওই অনুষ্ঠান হয়েছে।
দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গতকাল গণনা করা হয়। এএপির প্রতীক ঝাড়ু। এই ঝাড়ুঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছে বিজেপি। ৭০ আসনবিশিষ্ট বিধানসভায় এএপি পেয়েছে ৬৭ আসন। বাকি তিনটি আসন পেয়েছে বিজেপি।
গতকাল সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়। ফলাফলে ধা-ধা করে এগিয়ে যেতে থাকে এএপি। দলীয় প্রধান অরবিন্দ কেজরিওয়ালের শিবির মেতে ওঠে উল্লাসে। রাজ্যের বিষণ্নতা নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-অমিত শাহদের শিবিরে।
গত বছর বিপুল বিজয়ের মাধ্যমে কেন্দ্রে বিজেপির ক্ষমতায় আসার অন্যতম কারিগর ছিলেন অমিত শাহ। অথচ বছর না ঘুরতেই দিল্লিতে একটা বড় ধাক্কা খেলেন তিনি। আর ফলাফলটা এল ঠিক ছেলের বিয়ের অনুষ্ঠানের দিনেই।
অতিথিদের ভাষ্য, আহমেদাবাদের ওয়াইএমসিএ ক্লাবে অমিত শাহর ছেলে জয় শাহর বিয়ের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বাদ্যদল ডাকা হয়েছিল। কিন্তু বাদ্য না বাজিয়েই তারা চলে গেছে। অনুষ্ঠানস্থলে বরপক্ষ উপস্থিত হওয়ার সময় কোনো পটকাবাজি পর্যন্ত হয়নি।
ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহ। তাঁকে বিমর্ষ দেখা গেছে। ক্লাবের ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে তিনি কথা পর্যন্ত বলেননি।
কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য, দলের জ্যেষ্ঠ নেতারা, ব্যবসায়ীসহ প্রায় এক হাজার অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী গুজরাটি রীতির ওই অনুষ্ঠানে কোনো জাঁকজমক ছিল না।
ছেলের বিয়েতে দুটি বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন অমিত শাহ। একটি ছিল গতকাল আহমেদাবাদে, অন্যটি রোববার হবে দিল্লিতে।
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জয় শাহ তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের বান্ধবীকে বিয়ে করেছেন বলে জানা গেছে।