ভয়ানক সময় পার করছে পাকিস্তান। ভারত ও আফগানিস্তানের হুমকি চলছে। এসব হুমকিতে সায় মিলছে যুক্তরাষ্ট্রেরও।
কাশ্মীরে চলমান বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ মোদি সরকার পাকিস্তানের বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে চরমভাবে। এর মধ্য দিয়ে তারা কাশ্মীরের প্রতিবাদকেও পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রেখেছে। কাশ্মীরের উরিতে সাম্প্রতিক হামলার পর নিয়ন্ত্রণরেখায় আরও শক্তির সমাবেশ করতে পারে ভারত। এর ধারাবাহিকতায় পাকিস্তানকে আরও খারাপ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।
এ পরিস্থিতিতে পাকিস্তান চীন ও মুসলিম বিশ্বের বন্ধুপ্রতিম দেশগুলোর কূটনৈতিক সহযোগিতার ওপর নির্ভর করতে পারে। তবে পাকিস্তানের নিজ প্রতিরক্ষা ও কূটনীতিই এ ক্ষেত্রে বড় সহায়ক ভূমিকা পালন করবে। পাকিস্তানকে এমন একটি পন্থা বের করতে হবে, যাতে একই সঙ্গে এসব হুমকি মোকাবিলা করা যায়; আবার কাশ্মীরের মানুষ যেন এটি মনে না করে যে তাদের পাকিস্তান দূরে ঠেলে দিচ্ছে।
পাকিস্তানকে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নষ্ট সম্পর্ক পুনরুদ্ধারে যত্নবান হতে হবে। আফগানিস্তানে তালেবান নেতৃত্বের কোনো দায় পাকিস্তান নেবে না—এ বিষয়ে পাকিস্তানকে ঘোষণা দিতে হবে। তালেবান নেতৃত্বের ওপর প্রভাব থাকার বিষয়ে পাকিস্তানের যে গর্ববোধ আছে, সেটি ঝেড়ে ফেলতে হবে। এসব নেতৃত্বকে পাকিস্তান বড় সহায়ক বলে অতীতে মনে করলেও তালেবান এবং এরও আগে মুজাহিদ নেতৃত্ব কখনো যুদ্ধ বন্ধ করার সৎ পরামর্শে কান দেয়নি।
নব্বইয়ের দশকে কাশ্মীরের চরমপন্থী জঙ্গিদের প্রতি পাকিস্তানের সমর্থন এবং তালেবানদের সঙ্গে সখ্য দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট করেছে।
কাশ্মীরের এই পুরোনো সমস্যা সমাধানে পাকিস্তানকে নিয়ন্ত্রণরেখার দুই পাশে থাকা কাশ্মীরি নেতৃত্বের সঙ্গেই আলোচনা করতে হবে। যদি প্রস্তাব আসে, তবে ভারতের সঙ্গে আলোচনাও চালাতে হবে।