পরীক্ষা, নাকি নকলের মচ্ছব!

ওপরের ছবিটি একটি পরীক্ষাকেন্দ্রের। এখানে ‘কঠোর নিরাপত্তায়’ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা চলছে। আর সেই ‘নিরাপত্তাবলয়’ ভেদ করে দেওয়াল বেয়ে ‘নকল সাপ্লাই’ দিচ্ছেন পরীক্ষার্থীদের বন্ধু ও অভিভাবকেরা; এমনকি বাবা-মা।
ভারতের বিহারের শাহার্শা, ছাপরা, বৈশালি ও হাজিপুর জেলায় এমন চিত্র দেখা গেছে।
বিহারে চলছে এ বছরের মাধ্যমিক শ্রেণির বোর্ডের পরীক্ষা। গত মঙ্গলবার শুরু হওয়া এ পরীক্ষা চলবে ২৪ মার্চ পর্যন্ত। প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, বিভিন্ন কেন্দ্রে লোকজন দেওয়াল বেয়ে উঠে জানালা দিয়ে পরীক্ষার্থীদের হাতে উত্তর সরবরাহ করেছেন। নিচে দাঁড়িয়ে ভিড় করে বহু লোকজন দেখেছেন এই ‘কাজ’। এসব উত্তর দেখে দেখে নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবিতে দেখা গেছে পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরাও এ কাজে সহায়তা করার জন্য ঘুষ নিচ্ছেন।

বিবিসির বিহারের ফটো সাংবাদিক দিপঙ্কর পাটনা থেকে জানান, গত বুধবার পরীক্ষা চলাকালে তিনি একটি কেন্দ্রের ছবি তুলতে যান। কিন্তু অবাক করার বিষয় হলো নকল করার ছবি তোলার সময়ও পরীক্ষার্থীরা ছিল একদম নির্বিকার। পরীক্ষায় নকল করার এ ঘটনায় স্থানীয় সংবাদ মাধ্যমে নানা খবর প্রচার হলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ নিতে খুব একটা আগ্রহী নয়। তবে বুধবার নকল করার দায়ে নয়জনকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান বিবিসির ওই সংবাদদাতা। তিনি আরও জানান, একটি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে অভিভাবকদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
ভারতে পরীক্ষায় নকলের দায়ে তিন বছর পর্যন্ত বহিষ্কারের নিয়ম আইনে আছে। আইনে এর দায়ে জেল-জরিমানার ব্যবস্থাও আছে। কিন্তু বিহারে এগুলো অর্থাৎ আইনের ব্যবহার খুব একটা করা হয় না।
বিহারের শিক্ষামন্ত্রী পি কে শাহি বিবিসিকে বলেছেন, যদি অভিভাবক ও পরিবারের সদস্যরা যদি কর্তৃপক্ষকে সহযোগিতা না করে তবে কীভাবে নকলবিহীন পরীক্ষাব্যবস্থা চালানো সম্ভব? মন্ত্রী বলেন, সরকার কি তবে এ জন্য গুলি করার অনুমতি দেবে?