পর্নো প্রচারের অভিযোগে বিদেশি গ্রেপ্তার

শিশু পর্নো ভিডিও ইন্টারনেটে প্রচারের অভিযোগে ভারতের হায়দরাবাদ থেকে মার্কিন এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মার্কিন ওই নাগরিকের নাম জেমস কিরক জোনস। তিনি যুক্তরাষ্ট্রের নিউজার্সির বাসিন্দা।
আজ বুধবার এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪২ বছর বয়সী মার্কিন নাগরিক জেমস কিরক জোনস ২০১২ সাল থেকে হায়দরাবাদের একটি আইনি পরামর্শ প্রতিষ্ঠানে ভাষাবিশেষজ্ঞ হিসেবে কাজ করছিলেন। গতকাল মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে হায়দরাবাদের মাধাপুরের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইন্টারপোলের কাছ থেকে তেলেঙ্গানা পুলিশের সাইবার-ক্রাইম বিভাগ তথ্য পায় যে ইন্টারনেটের একটি নির্দিষ্ট আইপি (ইন্টারনেট প্রটোকল) অ্যাড্রেস থেকে অবৈধ শিশু পর্নো ভিডিও আপলোড করা হয়। পরে খোঁজ করে দেখা যায়, ওই আইপি অ্যাড্রেসটি জোনসের বাসা মাধাপুরের। পরে তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নিজে শিশুদের যৌন নির্যাতন করতেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানায়, মার্কিন নাগরিক জোনস ইন্টারনেটে শিশু পর্নো ভিডিও-পর্নো ছবি নিয়মিত আপলোড ও ডাউনলোড করতেন। গ্রেপ্তারের সময় তাঁর বাসা থেকে ২৯ হাজার ২৮৮টি পর্নো ভিডিও ও ছবিসহ একটি ল্যাপটপ, ৪৯০টি গিগাট্রাইব (ডেটা শেয়ার করার অ্যাপ্লিকেশন), শিশু পর্নো ভিডিও শেয়ার করা টুইটারের ২৪টি অ্যাকাউন্ট এবং পর্নো ভিডিওসহ একটি এক্সটারনাল হার্ডড্রাইভ ও একটি আইফোন জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, জোনসের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করা হয়েছে। গতকাল তাঁকে আদালতে পাঠানো হয়েছিল। তাঁকে বিচারিক হেফাজতে রেখে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। যদি তাঁর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়, তাহলে তাঁকে অন্তত পাঁচ বছরের জন্য কারাভোগ করতে হবে। জোনসকে গ্রেপ্তারের বিষয়টি ভারতের মার্কিন কনস্যুলেটে জানানো হবে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আইজি সৌম্য মিশ্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন, জিজ্ঞাসাবাদে জোনস স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রে থাকার সময় ছেলেবেলা থেকেই তিনি ইন্টারনেট থেকে শিশু পর্নো ভিডিও ডাউনলোড করে দেখতেন। তখন থেকেই তিনি এ ধরনের ভিডিও বিভিন্ন মাধ্যমে শেয়ারও করতেন।