পর্নো দেখা মন্ত্রী চটলেন সাংবাদিকের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কর্ণাটক রাজ্যে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে বসে মোবাইল ফোনে মন্ত্রীর পর্নো দেখার ভিডিওচিত্র ধারণ করায় এক সাংবাদিক ও ক্যামেরাম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মন্ত্রী।

আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, গত শনিবার কর্ণাটক রাজ্যে প্রাথমিক ও উচ্চশিক্ষা-বিষয়ক মন্ত্রী তানভির সাইত ওই অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে ওই সাংবাদিক ও আলোকচিত্রীর বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে।

গত বৃহস্পতিবার কর্ণাটকের রায়চূড়ে টিপু জয়ন্তীর একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে গিয়ে মঞ্চে বসেই মোবাইল ফোনে পর্নো দেখেন মন্ত্রী তানভির সাইত।

দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, অনুষ্ঠানে উপস্থিত থাকা টেলিভিশন চ্যানেল কানাড়া ও টিভি ৯-এ মন্ত্রীর পর্নো দেখার বিষয়টি দেখানো হয়েছে। সেখানে দেখা গেছে, মন্ত্রী এক এক করে অর্ধনগ্ন নারীর ছবি দেখছেন। এ ঘটনায় বিজেপি ওই মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। এ ছাড়া রাজনৈতিক দলসহ অনেকেই নিন্দা জ্ঞাপন করেছেন।

অভিযোগ অস্বীকার করে মন্ত্রী তানভির সাইত দাবি করেন, মোবাইলে তিনি মাইশোরে টিপু জয়ন্তী অনুষ্ঠানের ছবি দেখার চেষ্টা করছিলেন। এ সময় কেউ একজন তাঁর হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ছবিগুলো পাঠিয়েছেন।

নাম প্রকাশ না করে কর্ণাটকের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, মন্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই টিভি চ্যানেলের সাংবাদিক ও আলোকচিত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। আমি তানভির সাইতের সঙ্গে কথা বলব, তবে কারও পক্ষ নেব না। আমি চাই না, নির্দোষ কেউ শাস্তি ভোগ করুক, সে যে দলেরই হোক না কেন। মন্ত্রী সাইত যে প্রতিবেদনটি জমা দিয়েছে, সেটি আমি গ্রহণ করব না। আমি এই ঘটনার তদন্ত করব।’

এ ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী দেব গৌড় বলেন, এ ব্যাপারে খতিয়ে দেখার সময় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, মোবাইল ফোনে আপত্তিকর কিছু দেখার সময়ের ভিডিওচিত্র প্রকাশ করেছে গণমাধ্যম। মুখ্যমন্ত্রীর এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া উচিত।

এর আগে ২০১২ সালে বিধানসভায় বসে পর্নো দেখার সময় ধরা পড়েছিলেন কর্ণাটক বিজেপির দুই মন্ত্রী লক্ষ্মণ সাভাদি ও সিসি পাতিল। তাঁদের এই পর্নো ক্লিপ সরবরাহ করেছিলেন আরেক মন্ত্রী কৃষ্ণ পালেমার। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁরা তিনজনই পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন। এ ছাড়া ২০১৫ সালে ওডিশায় বিধানসভায় বসে পর্নো দেখার অভিযোগে বরখাস্ত করা হয় কংগ্রেস বিধায়ক নবকিশোর দাসকে।