পর্যটকবাহী গাড়িতে হামলে পড়ল সিংহ

সাফারি পার্কের ভেতরে পর্যটকদের নিয়ে হেলে-দুলে চলছে গাড়ি। ঘন জঙ্গলে হঠাৎ চলে এলেন তিনি। এভাবে আসার কথা হয়তো কেউই ভাবতে পারেননি। প্রথমে আসেন একজন, একটু পর আরেকজন। এ সময় গাড়িচালকও গাড়ি দাঁড় একটু ধীর গতি চালানো শুরু করেন। এরই মধ্যে চলে আসেন বড় জনও। গাড়ির ওপরে থাবা বসিয়ে দেন পশুরাজ। ভারতের বেঙ্গালুরুর বান্নেরঘাট্টা সাফারি পার্কে সম্প্রতি এ ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, জানুয়ারির শেষ দিকে বেঙ্গালুরুর বান্নেরঘাট্টা সাফারি পার্কে পশুরাজ সিংহ একটি গাড়িতে হামলে পড়েন। পুরুষ সিংহটি যখন ওই গাড়িতে আক্রমণ করছিল তখন পাশেই ছিল একটি সিংহী। গাড়ির ওপর চড়ে বসতে চায় পশুরাজ। ভয়ে অস্থির অবস্থার মধ্যেই পেছনের গাড়ির চালক ওই দৃশ্য ভিড়িও করেন। মুহূর্তেই তা হয়ে যায় ভাইরাল। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ক্ষতি যা সামান্য গাড়িটির হয়েছে।
সিংহকে চোখের সামনে দেখলে সাহসী মানুষেও ভয়ে পিলে চমকে যাওয়াই স্বাভাবিক। কিন্তু সিংহের গাড়ির ওপর হামলে পড়ার ওই দৃশ্য ক্যামেরাবন্দী করে রাখেন পেছনের গাড়ির চালক ৷ পেছনের গাড়ির পর্যটকরাও যেন উপভোগ করছিলেন ভয়ংকর ওই ‘সুন্দর’ মুহূর্তগুলো৷ তবে দিনে-দুপুরে পর্যটকদের গাড়ির ওপর এভাবে সিংহের হামলায় বেশ চিন্তিত বান্নেরঘাট্টা সাফারি পার্কের কর্মকর্তারা৷ কারণ পর্যটকদের নিরাপত্তার কথাই তো আগে ভাবা উচিত। তবে পার্কের কর্মকর্তারা মনে করছেন, পার্কের গাড়ি চালকের আরও একটু সাবধান হওয়া উচিত ছিল। তবে তারা এও মনে করছেন, যাক কোনো বড় দুর্ঘটনা তো ঘটেনি।
বান্নেরঘাট্টার ওই পার্কের একজন কর্মকর্তা সন্তোষ কুমার টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘গত মাসের ২৮ বা ২৯ তারিখে গাড়িতে সিংহের আক্রমণের ওই ঘটনা ঘটে। এ ক্ষেত্রে পরিষ্কারভাবে চালকের দোষ ছিল। ওইভাবে তার গাড়ি থামানো উচিত হয়নি; তিনি সম্ভবত গাড়ি থামিয়েছেন, দর্শনার্থীদের খুশি করার জন্য। আমরা তাঁকে সাফারি পার্কের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছি।’