পশু বেচা-কেনা নিয়ে ভারতে নতুন রাজনৈতিক সমীকরণ
গবাদিপশু নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশের বিরোধিতায় ভারতে এক নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা দেখা দিয়েছে। কেরালার বামপন্থী সরকার ইতিমধ্যেই এই নির্দেশের প্রতিবাদ জানিয়েছে। তাতে সমর্থন জানিয়েছে বিরোধী কংগ্রেস। একই পথের পথিক হতে চলেছে তৃণমূল কংগ্রেসশাসিত পশ্চিমবঙ্গ সরকারও। বিজেপি নেতৃত্বাধীন গোয়া সরকারও এই নির্দেশে হতবাক।
মোদি সরকারের তৃতীয় বর্ষপূর্তিতে এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রণালয়। নির্দেশিকায় বলা হয়েছে, কৃষিকাজের প্রয়োজন ছাড়া দেশের কোনো পশুহাট থেকে গবাদিপশু কেনা-বেচা করা যাবে না। গবাদিপশু বলতে কী বোঝাচ্ছে, নির্দেশিকায় তা-ও বলে দেওয়া হয়েছে। গবাদিপশু মানে গরু, মহিষ, বাছুর, বলদ, ষাঁড় ও উট ।
নতুন এই নির্দেশিকার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় পশু হাট, পশু বাজার বা পশু মেলার স্থান নির্বাচন। দেশের দুই রাজ্যের সীমানা থেকে ২৫ কিলোমিটার দূরে এই হাট বা বাজার বসাতে হবে। আর আন্তর্জাতিক সীমানা থেকে অন্তত ৫০ কিলোমিটার দূরে। উদ্দেশ্য, কোনোভাবেই যেন পশু পাচার না হতে পারে।
বামশাসিত কেরালায় সিপিএমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শুক্রবারই এই নির্দেশিকার বিরোধিতা করেছেন। একইভাবে বিরোধিতা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস। সামাজিক মাধ্যম মারফত মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন এই নীতি লাখ লাখ মানুষের জীবিকা হরণ করবে।
পশ্চিমবঙ্গ সরকারও এই নির্দেশে হতবাক। পশ্চিমবঙ্গেও গোমাংস নিষিদ্ধ নয়। এই নির্দেশ বিজেপিশাসিত গোয়াকেও চিন্তায় ফেলে দিয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও গোমাংস নিষিদ্ধ নয়।